
রাজ্যপাল সি ভি আনন্দ বোস
শেষ আপডেট: 14 May 2024 13:56
দ্য ওয়াল ব্যুরো: আরও অস্বস্তিতে রাজ্যপাল সি ভি আনন্দ বোস! শ্লীলতাহানি বিতর্কের মাঝেই রাজ্যপালের বিরুদ্ধে এবার এক নৃত্যশিল্পীকে যৌন হেনস্থার অভিযোগ উঠল। যা নিয়ে কলকাতা পুলিশের তরফে নবান্নে তদন্ত রিপোর্ট জমা পড়েছে।
সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে দিল্লির পাঁচতারা হোটেলে এক নৃত্যশিল্পীকে হেনস্তার অভিযোগ উঠেছে। 'নির্যাতিতা' পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। সূত্রের খবর, নৃত্যশিল্পীর অভিযোগের ভিত্তিতেই অনুসন্ধান চালাচ্ছিল ডিসি পদপর্যদার এক অফিসারের নেতৃত্বে কলকাতা পুলিশের একটি দল। সেই মামলার অনুসন্ধানের রিপোর্ট নবান্নে জমা পড়েছে।
ঘটনাটি ২০২৩ সালের। রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে ওই নৃত্যশিল্পী অভিযোগ করেছেন, গত বছর জুন মাসে অনুষ্ঠানের কথা বলে তাঁকে দিল্লি নিয়ে যাওয়া হয়। একটি পাঁচতারা হোটেলে তাঁকে রাখা হয়েছিল। আর সেখানেই রাজ্যপালের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলেছেন তিনি। সেসময়ই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন তিনি। মঙ্গলবার কলকাতা পুলিশ তদন্ত রিপোর্ট নবান্নে পাঠায়। এরপরই বিষয়টি সামনে এসেছে। শ্লীলতাহানি ইস্যুর মধ্যেই এই ঘটনা যে রাজ্যপালের আরও অস্বস্তি বাড়াল তা বলাই বাহুল্য।
সম্প্রতি রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলেছেন রাজভবনেরই এক অস্থায়ী মহিলা কর্মী। হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের হয়েছে। লোকসভা নির্বাচন চলাকালীন বাংলায় এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। বোসের বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল। এনিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রীও। ইতিমধ্যে লালবাজার সূত্রের খবর, রাজভবনের ৬ জন কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে। এরই মাঝে এবার নবান্নে রাজ্যপালের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ জমা পড়ল। যদিও বিষয়টি নিয়ে পুলিশ বা নবান্ন কোনও পক্ষই মুখ খোলেনি।