অধীরের বক্তব্য, রাহুল গান্ধীর কথার কোনও পাল্টা উত্তর নেই বিজেপির কাছে। তাই এইভাবে তাঁকে এবং কংগ্রেস দলকে বদনাম করতে চাইছে তাঁরা।

অধীর রঞ্জন চৌধুরী
শেষ আপডেট: 29 August 2025 16:32
দ্য ওয়াল ব্যুরো: কংগ্রেসের বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) এবং তাঁর প্রয়াত মাকে (Heeraben Modi) নিয়ে অশালীন মন্তব্যের অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে দেশজুড়ে কংগ্রেসের (Congress) সদর দফতরের সামনে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি। কলকাতার (Kolkata) প্রদেশ কংগ্রেস দফতরেও চলে (Pradesh Congress Office) বিজেপির (BJP) তাণ্ডব। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিয়ে অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhuri) গেরুয়া শিবিরকেই সতর্ক থাকতে বলেছেন। তাঁর স্পষ্ট কথা, কোনও মস্তানি বরদাস্ত করা হবে না।
শুক্রবার সকালে একদল বিজেপি সমর্থক (BJP Supporters) বিজেপির পতাকা হাতে নিয়ে শিয়ালদহে প্রদেশ কংগ্রেস দফতরে গিয়ে ভাঙচুর চালালেন। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ছবি (Rahul Gandhi)-সহ একাধিক ব্যানার, পোস্টার ধ্বংস করে দেওয়া হয় বলে অভিযোগ। প্রদেশ কংগ্রেস এর তীব্র নিন্দা করেছে। এই ইস্যুতে অধীর বলেন, ''কংগ্রেস এর মোকাবিলা করবে। কোনও পার্টির মস্তানি মানব না।''
অধীরের বক্তব্য, রাহুল গান্ধীর কথার কোনও পাল্টা উত্তর নেই বিজেপির কাছে। তাই এইভাবে তাঁকে এবং কংগ্রেস দলকে বদনাম করতে চাইছে তাঁরা। রাহুল গান্ধী কী বলছেন তা জানার চেষ্টা না তাঁর মন্তব্য বিকৃত করা হচ্ছে। বিহার ভোটের আগে উস্কানি দিয়ে অশান্তি তৈরির চেষ্টা করছে বিজেপি বলেই অভিযোগ করেছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা। দলীয় কর্মীদের এই প্রসঙ্গে বিশেষ বার্তাও দিয়েছেন তিনি।
নিজেদের অস্তিত্ব রক্ষা করতে হবে - কংগ্রেস নেতা-কর্মীদের উদ্দেশে এই মন্তব্য করেন অধীর রঞ্জন চৌধুরী। তাঁর সাফ কথা, প্রদেশ কংগ্রেস সদর দফতর দলের পরিচয়। সেখানে আক্রমণ হলে সবাইকে একজোট হয়ে তা রুখতে হবে। দরকার পড়লে পাহারার ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে, বিজেপির যারা এই কাজ করেছে তারা গ্রেফতার না হওয়া পর্যন্ত কলকাতায় আন্দোলন চালিয়ে রাখার পরামর্শও দিয়েছেন অধীর।
তিনি স্পষ্টত বলছেন, যেটা তাঁদের রাজনীতির ঠিকানা, অস্তিত্বের ঠিকানা, সেখানে কোনও রকম জুলুম হবে, তাণ্ডব হবে তা তাঁরা মেনে নেবেন না। প্রয়োজনে পাল্টা বিজেপি দফতর ঘেরাও করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন প্রাক্তন কংগ্রেস সাংসদ। তাঁর অভিযোগ, রাহুল গান্ধী মুখোমুখি নরেন্দ্র মোদী দাঁড়াতে পারছেন না, তাই লোকজন দিয়ে এই ধরনের কাজ করানো হচ্ছে। কংগ্রেসকে কলঙ্কিত করার জন্য।
আসলে বৃহস্পতিবার প্রকাশ্যে আসা একটি ভিডিও ঘিরে বিতর্কের সূত্রপাত। অভিযোগ, ‘ভোটার অধিকারের যাত্রা’ চলাকালীন দরভাঙ্গায় কংগ্রেসের পতাকা গায়ে জড়ানো এক ব্যক্তি প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে অশ্লীল মন্তব্য করেন। ওই ভিডিও ভাইরাল হতেই বিজেপি থানায় এফআইআর দায়ের করে এবং কংগ্রেসের কাছে ক্ষমা চাওয়ার দাবি জানায়। ওই ঘটনায় অভিযুক্ত গ্রেফতার হলেও অশান্তি থামছে না।