
Abhijit Gangopadhayay
শেষ আপডেট: 5 March 2024 17:34
দ্য ওয়াল ব্যুরো: সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবার অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়ে দিয়েছেন তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন। ৭ মার্চ তিনি যোগদান করলেন গেরুয়া শিবিরে। সাংবাদিক বৈঠক করে এই ঘোষণা করার পর তাঁকে গান গাইতে দেখা গেল। নিজের বাড়ির বারান্দায় দাঁড়িয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করলেন তিনি।
বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে মঙ্গলবারই নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ২৯ বছরের কর্মজীবনের অবসান ঘটিয়ে রাজনীতিতে হাতেখড়ি হতে চলেছে তাঁর। ৭ মার্চ বিজেপিতে যোগদান করবেন তিনি। তার আগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করে কিছুটা যেন মানসিক শক্তি বাড়ানোর চেষ্টা করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নিজের বাড়ির বারান্দায় দাঁড়িয়ে 'আগুনের পরশমণি' গাওয়ার সময় সব সাংবাদিকদেরও আহ্বান জানালেন তাঁর সঙ্গে গান গাওয়ার।
মঙ্গলবার সকালে কলকাতা হাইকোর্টে পৌঁছে তাঁর পদত্যাগ পত্র সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেন। তার পর হাইকোর্ট চত্বরেই তাঁর সাংবাদিক বৈঠক করার কথা ছিল। কিন্তু সারা বছর হাইকোর্ট চত্বরে ১৪৪ ধারা জারি থাকে। তাই সিদ্ধান্ত বদল করে তাঁর সল্টলেকের বাড়িতে সাংবাদিক বৈঠক করেন তিনি।
কেন তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন তার কারণও এদিন ব্যাখ্যা করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, বিজেপি এখন একমাত্র সর্বভারতীয় দল। তাঁকে প্রশ্ন করা হয়, আপনি কি মনে করেন, বিজেপি দুর্নীতিমুক্ত দল। তার উত্তরে অভিজিৎ বলেন, বিজেপি দুর্নীতিমুক্ত কি দুর্নীতিমুক্ত নয় সেটা আমার বিবেচনার বিষয় নয়। বিজেপিতে যোগ দেওয়ার পর দলের মধ্যে থেকে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করব।
কিন্তু কেন বিজেপি? অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সাফ কথা, বিজেপি সর্বভারতীয় দল। তৃণমূলের মতো দুর্নীতিগ্রস্ত দলের বিরুদ্ধে লড়ছে। আর তাছাড়া আমি ধর্ম-ঈশ্বরে বিশ্বাস করি, তাই সিপিএমে যোগ দেব না। আর কংগ্রেসকে পারিবারিক জমিদারির দল বলে ব্যাখ্যা করেন। তাঁর আক্রমণ, এখানে জয়রাম রমেশের মতো শিক্ষিত মানুষও থাকেন। কিন্তু তাঁরা পদ পান না। রাহুল গান্ধীর মতো নেতাদের পিছনে থেকে যেতে হয়। এ পর্যন্ত রাজ্য বিরোধী সমস্ত মামলায় তাঁর ভূমিকায় রাজ্যের মানুষের কাছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের জনপ্রিয়তা অনেক উচ্চতায় ছিল। যদিও তৃণমূলের অনেক বোদ্ধার মতে, তিনি বিজেপিতে যোগ দিয়ে সেই জনপ্রিয়তা হারাতে চলেছেন।