
শেষ আপডেট: 16 July 2022 08:28
দ্য ওয়াল ব্যুরো: সোমবার রাষ্ট্রপতি নির্বাচন (Presidential Poll)। তার ঠিক ৪৮ ঘণ্টা আগে শনিবারের বারবেলায় চমক দিল অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টি (AAP)। দিল্লি ও পাঞ্জাবের শাসকদল ঘোষণা করে দিল, তারা সমর্থন করবে বিরোধীদের প্রার্থী যশবন্ত সিনহাকে (Yashwant Sinha)।
শনিবার আপের পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটির বৈঠক ছিল। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, দলের সাংসদ বিধায়করা রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন যশবন্ত সিনহাকে। আপের রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং বলেন, “আমরা দ্রৌপদী মুর্মুর প্রতি শ্রদ্ধাশীল কিন্তু দল সমর্থন করবে বিরোধীদের সম্মিলিত প্রার্থী যশবন্ত সিনহাকে।
রাষ্ট্রপতি ভোটে প্রথমে ১৭টি দল মিলে বৈঠক করেছিল। শরদ পাওয়ার, ফারুক আবদুল্লা, গোপালকৃষ্ণ গান্ধীরা রাজি না হওয়ায় যশবন্ত সিনহার নাম চূড়ান্ত হয় দ্বিতীয় বৈঠকে। পরে ১৮ তম দল হিসেবে যশবন্তকে সমর্থন জানায় তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি তথা টিআরএস। এদিন আপের সমর্থনের পর ১৯টি দল হল।
রাষ্ট্রীয়পতি ভোটকে ঘিরে বিরোধী শিবিরে ঐক্যের বদলে ছাড়া ছাড়া ভাবটাই বেশি করে চোখে পড়ছিল রাজনৈতিক মহলের। ঝাড়খণ্ডের শাসকদল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, মায়াবতীর শাসকদল আদিবাসী প্রশ্নে দ্রৌপদীকে সমর্থনের কথা ঘোষণা করে। তা ছাড়া অখিলেশ যাদবের দল সমাজবাদী পার্টির শরিক দলের মধ্যেও সে ভাবে ঐক্য গড়ে ওঠেনি। মহারাষ্ট্রে একনাথ শিন্ডের শিবসৈনিকরা তো দ্রৌপদীকে ভোট দেবেনই। অন্যদিকে উদ্ধবও একপ্রকার বাধ্য হয়েছেন এনডিএ প্রার্থী সমর্থন করতে। সেই পরিস্থিতিতে যশবন্তের পক্ষে আপের সমর্থন ঘোষণা বিরোধী শিবিরে অক্সিজেন জোগাবে বলেই মোট রাজনৈতিক মহলের অনেকের।