দ্য ওয়াল ব্যুরো : আমরা আগেই বলেছিলাম, ভোটারদের প্রভাবিত করার জন্য বিজেপি টাকা ও মদ বিলি করবে। আমাদের সেই আশঙ্কা সত্যি হয়েছে। দিল্লিতে ভোটের যখন ২৪ ঘণ্টাও বাকি নেই, তখন এমনই অভিযোগ করল আম আদমি পার্টি। তাদের বক্তব্য, কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ কিশোর এবং বিজেপির আরও কয়েকজন নেতা-মন্ত্রীকে দিল্লিতে টাকা ও মদ বিলি করতে দেখা গিয়েছে।
আপ নেতা সঞ্জয় সিং সাংবাদিক বৈঠকে বলেন, “বৃহস্পতিবার আমরা খবর পেয়েছি, বিজেপি আদর্শ আচরণবিধি ভঙ্গ করছে। প্রচারের সময় তারা উত্তেজক ভাষণ দিয়েছে। ভোটের মাত্র একদিন আগে গিরিরাজ সিং এবং আরও কয়েকজন বিজেপি সাংসদ প্রকাশ্যে টাকা ও মদ বিলি করেছেন।” আপের দাবি, রিথালা বিধানসভা কেন্দ্রে গিরিরাজ সিং টাকা বিলি করেছেন।
সঞ্জয় জানান, তাঁদের দল নির্বাচন কমিশনে দাবি জানিয়েছে, বিজেপির যে সাংসদরা দিল্লির বাসিন্দা নন, তাঁদের অবিলম্বে রাজধানী ছেড়ে যেতে বলা হোক। তাঁর কথায়, “আমরা নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছি, বিজেপির এমপিরা টাকা বিলোচ্ছেন। আমাদের দাবি, বিজেপির যে সাংসদরা দিল্লির বাসিন্দা নন, তাঁদের অবিলম্বে রাজধানী ছেড়ে যেতে বলা হোক। কারণ এখানে তাঁরা টাকা ও অন্যান্য জিনিস বিলি করছেন।”
আপ নেতা একটি ভিডিও দেখান। তাঁর বক্তব্য, ভিডিওতে দেখা যাচ্ছে, রিথালায় মণিরত্নের এক দোকানে গিয়েছেন গিরিরাজ।
গত ৬ জানুয়ারি দিল্লিতে আদর্শ আচরণবিধি চালু হয়। তারপর থেকে দিল্লি পুলিশ বিপুল পরিমাণে নগদ টাকা, মাদক, দামি ধাতু ও ভোটারদের বিলি করার জন্য অন্যান্য জিনিস বাজেয়াপ্ত করেছে। সব মিলিয়ে তার দাম ৫৫ কোটি ৩৩ লক্ষ টাকা। যে পরিমাণ নগদ টাকা উদ্ধার হয়েছে, তার মূল্য ১০ কোটি ৩৯ লক্ষ টাকা। ৯৯ হাজার ২১০ লিটারের বেশি মদ বাজেয়াপ্ত হয়েছে। তার দাম ২ কোটি ৭২ লক্ষ ৯৮ হাজার ৪১৭ টাকা। ৭৭৪ কেজির বেশি মাদক বাজেয়াপ্ত হয়েছে। তার দাম ৭ কোটি ৮৭ লক্ষ ৩৭ হাজার ৭৫০ টাকা।