
শেষ আপডেট: 2 April 2024 13:52
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: ক্লাসরুমের ভেতর থেকে উদ্ধার হল প্রধান শিক্ষকের ঝুলন্ত দেহ। সোমবার রাতে দেহ উদ্ধারের খবর ছড়াতেই তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে বারাবনি থানার পুঁচড়া এলাকায়। পু্ঁচড়া ফ্রি প্রাইমারি স্কুলের ভেতরে একটি ক্লাসরুম থেকে স্কুলের প্রধান শিক্ষক প্রশান্ত হালদারের (৫৫) ঝুলন্ত দেহ মেলে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।
প্রত্যেক দিনের মতো এদিন সকাল সাড়ে দশটায় স্কুলে এসেছিলেন প্রশান্তবাবু। জানা গেছে, বিকেল সাড়ে তিনটে নাগাদ তিনি দোমহানি বাজার এলাকায় রায়পাড়া বিনোদডাঙায় নিজের বাড়িতে চলে গিয়েছিলেন। পরিবারের লোকজন জানান, ঘণ্টা দুয়েক থেকে বিকেল পাঁচটা নাগাদ বাড়ি থেকে বেরোন তিনি। সন্ধের পরে পুঁচড়া ফ্রি প্রাইমারি স্কুলের ভেতরে একটি ক্লাসরুমে তাঁর ঝুলন্ত দেহ মেলে। এলাকার বাসিন্দারা জানতে পেরে সঙ্গে সঙ্গে বারাবনি থানায় খবর দেন। এরপরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।
পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে তাঁদের অনুমান, পারিবারিক অশান্তির কারণে মানসিক অবসাদে ভুগছিলেন প্রশান্তবাবু। তার জেরেই এমন ঘটনা ঘটিয়েছেন। পরিবারের তরফে এখনও কোনও অভিযোগ দায়ের করা হয়নি। পুলিশ জানিয়েছে, অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত চালানো হচ্ছে।
স্কুলের ভিতর ক্লাসরুম থেকে প্রধান শিক্ষকের দেহ উদ্ধারের ঘটনায় তুমুল আলোড়ন সৃষ্টি হয়েছে এলাকায়। আতঙ্কিত হয়ে পড়েছে পড়ুয়ারা। এই ঘটনার মঙ্গলবার বন্ধ রাখা হয় স্কুল। তবে কবে আবার স্বাভাবিক অবস্থা ফিরবে তা নিয়ে সংশয়ে রয়েছেন অভিভাবকরা।