দ্য ওয়াল ব্যুরো: ‘টেকনোলজি ফর ম্যানকাইন্ড’, লিখেছিলেন জ্যাকব ব্রাওনস্কি। দিন দিন আরও বেশি করে সত্যি হচ্ছে তাঁর সেই কথা। স্বামী দেশে, স্ত্রী বিদেশে। অথচ বিবাহবিচ্ছেদের মামলা মিটে গেল হোয়াটসঅ্যাপ ভিডিও কলেই! আর সেই অভিনব রায় দিল নাগপুর আদালত।
স্বামী, স্ত্রী দু’জনেই পেশায় ইঞ্জিনিয়ার। কর্মসূত্রে মিশিগানের বাসিন্দা। বিয়ে হয় ২০১৩ সালে। বিবাহবিচ্ছেদের মামলা চলছিল দীর্ঘদিন ধরেই। চলতি বছর ১৪ জানুয়ারি আইনি পথে দু’জনের বিচ্ছেদ হয়ে যায়।
তাঁদের পরিবার সূত্রে খবর, শুরুতে এক জায়গায় থাকলেও অশান্তির জন্য দু’জনেই আলাদা থাকতে শুরু করেন আগেই। সম্পর্কের তিক্ততা এতটাই বাড়ে যে বিচ্ছেদের সিদ্ধান্ত নিতে হয়। স্বামী দেশে ফিরে এলেও ফিরতে পারেননি স্ত্রী। বিচ্ছেদের আইনি নোটিস পাঠিয়েছিলেন স্বামীই। নাগপুর আদালতে শুক্রবার ছিল এই মামলার শুনানি। সেখানে স্ত্রীয়ের যাবতীয় বক্তব্য শোনা হয় হোয়াটসঅ্যাপ ভিডিও কলে। দু’জনের কথা শুনেই সিদ্ধান্ত নেন বিচারক স্বাতী চৌহান।
স্ত্রীয়ের পক্ষের আইনজীবী স্মিতা সারোদে সিঙ্ঘলকর জানিয়েছেন, তাঁর মক্কেল কাজের জন্য দেশে ফিরতে পারেননি। তাই তাঁর ভাইয়ের উপস্থিতিতেই গোটা প্রক্রিয়া সম্পন্ন হয়। ১০ লক্ষ টাকা খোরপোষ দিতে রাজি হয়েছেন স্বামী।