
ফাইল ছবি
শেষ আপডেট: 15 April 2025 12:17
দ্য ওয়াল ব্যুরো: ওয়াকফ সংশোধনী আইনের (Waqf Amendment Act) বিরোধিতায় সোমবার উত্তপ্ত হয়ে উঠেছিল ভাঙড় (Bhangar)। পুলিশের গাড়িতে পরপর আগুন লাগানো থেকে শুরু করে হামলা ও হিংসা ছড়ানোর ঘটনায় এখনও অবধি ৯ জনকে গ্রেফতার (Arrest) করেছে পুলিশ। বাকিদের খোঁজে তল্লাশি অভিযান চলছে বলেও জানানো হয়েছে।
ভাঙড়ের ঘটনায় মোট পাঁচটি মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, উত্তর কাশীপুর থানা এলাকা থেকে গ্রেফতার মোট আট জনকে গ্রেফতার করা হয়েছে। চন্দনেশ্বর থেকে ধরা পড়েছেন এক জন। বাকি অভিযুক্তদেরও খোঁজ চলছে।
মালদহ, মুর্শিদাবাদের (Murshidabad News) পর কেন্দ্রের ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয়েছিল ভাঙড়ে। আইএসএফ (ISF)-র উদ্যোগে রামলীলা ময়দান অভিযান শুরু করেছিল প্রতিবাদীরা।
মিনাখাঁ, বাসন্তী, ভাঙড়ের বিভিন্ন জায়গা থেকে দলে দলে আইএসএফ নেতা-কর্মীরা কলকাতা যাওয়ার জন্য রওনা দিলে পুলিশের বাধার মুখে পড়ে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। বিক্ষভে অবরুদ্ধ হয়ে পড়ে বাসন্তী হাইওয়ে।
লাঠিচার্জ করে পুলিশ পরিস্থিতি সাময়িকভাবে নিয়ন্ত্রনে আনলেও দুপুরে ফের উত্তপ্ত হয়ে উঠে শোনপুর এলাকা। বিক্ষুব্ধরা পাঁচ পাঁচটি পুলিশের বাইকে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। ভেঙে ফেলা হয় একের পর এক গাড়ির কাচ, এলাকার সিসিটিভি। শুধু তাই নয়, বিক্ষুব্ধদের হামলায় অন্তত ১০ থেকে ১২ জন পুলিশ জখম হন বলেও অভিযোগ ওঠে।
সোমবার দুপুরের ওই ঘটনার পর থেকেই পদক্ষেপ করে পুলিশ। ভাঙড়ের বিভিন্ন প্রান্তে অভিযুক্তদের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়। রাতে কলকাতা পুলিশের তরফে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়, ভাঙড়ের পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। সরকারি সম্পত্তি ভাঙচুরের ঘটনায় জড়িত দুষ্কৃতীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলাও দায়ের করা হয়েছে। সঙ্গে আরেকবার মনে করিয়ে দেওয়া হয়েছে, যেন কোনও রকম গুজবে কান না দেওয়া হয়।