সূত্রের খবর, ওই আবাসনের একটি ফ্ল্যাটে মা, দিদিমার সঙ্গে থাকে নির্যাতিতা শিশু কন্যাটি। কর্মসূত্রে বাবা বাইরে থাকেন। সোমবার শিশুটির মা সকালবেলায় কাজে বেরিয়ে যান।

অভিযুক্তকে থানায় নিয়ে যাওয়া হচ্ছে
শেষ আপডেট: 19 August 2025 12:58
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: ৮ বছরের এক শিশুর শ্লীলতাহানির ঘটনা সামনে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল বেলঘরিয়া দেশপ্রিয়নগর ৯ নম্বর সবুজপল্লীর একটি আবাসনে। ওই আবাসনের এক বাসিন্দার আটবছরের শিশুকন্যার শ্লীলতাহানি করার অভিযোগ উঠল আবাসনের বাসিন্দা স্বপনকুমার দাসের বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
সূত্রের খবর, ওই আবাসনের একটি ফ্ল্যাটে মা, দিদিমার সঙ্গে থাকে নির্যাতিতা শিশু কন্যাটি। কর্মসূত্রে বাবা বাইরে থাকেন। সোমবার শিশুটির মা সকালবেলায় কাজে বেরিয়ে যান। দিদিমা দুপুরবেলা বাড়ি থেকে বেরোনোর সময় ওই আবাসানেরই একতলার প্রতিবেশী স্বপন দাসের স্ত্রীকে বলে যান শিশু কন্যাটিকে দেখাশোনার জন্য। ষাটোর্ধ স্বপনবাবু আবাসনের একতলায় স্ত্রীর সঙ্গে বসবাস করেন।
অভিযোগ, স্বপন দাসের স্ত্রী তাঁদের ফ্ল্যাটে গিয়ে বেশ কিছুক্ষণ বাচ্চাটিকে দেখাশোনার পর স্নানে চলে যান। অভিযোগ, সবার অনুপস্থিতির সুযোগ নিয়ে শিশুটির ঘরে গিয়ে তার সঙ্গে অশালীন আচরণ করেন স্বপনবাবু। এমনকী অভিযুক্ত শিশুটিকে কাউকে কিছু না বলার হুমকিও দেন।
শিশুটি তার দিদা বাড়ি ফিরলে এই সম্পর্কে কিছু না বললেও, মা বাড়ি ফিরে আসার পরে মাকে সব জানায়। এরপরেই তুমুল শোরগোল পড়ে যায় ওই আবাসনে। এলাকার মানুষ ক্ষোভে ফেটে পড়েন। অভিযুক্ত স্বপন দাসকে ফ্ল্যাটের মধ্যেই আটকে রাখেন। প্রতিবেশীরা বেলঘরিয়া থানায় খবর দেন। পুলিশ এসে অভিযুক্তকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। সকলেই অভিযুক্তের কঠোর শাস্তির দাবি করেছেন। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়।