এর মধ্যে ২০২৩ সালে ধরা পড়েছেন ১৫৪৭ জন, ২০২৪ সালে ১৬৯৪ জন এবং চলতি বছর অর্থাৎ ২০২৫ সালের অগস্ট পর্যন্ত ধরা পড়েছেন ৭২৩ জন অনুপ্রবেশকারী।
.jpeg.webp)
প্রতীকী ছবি।
শেষ আপডেট: 20 August 2025 20:17
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের (Bangladesh) সঙ্গে যুক্ত পশ্চিমবঙ্গের (West Bengal) ২২১৬.৭ কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমান্তের মধ্যে ৫৬৯ কিলোমিটার এলাকাজুড়ে এখনও কাঁটাতারের বেড়া নেই। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তথ্য অনুযায়ী, এই বেড়াহীন এলাকাগুলির মধ্যে অনেক জায়গায় প্রকৃতি ও অন্যান্য কারণবশত বেড়া দেওয়া সম্ভব নয়। তবে প্রায় ৪৫৬ কিলোমিটার এলাকায় বেড়া দেওয়া সম্ভব হলেও তা সম্পূর্ণ হয়নি।
বুধবার রাজ্যসভায় একটি লিখিত প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই। বিজেপি সাংসদ শম্ভুশরণ পটেল এবং নীরজ শেখরের প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী জানান, ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ২০২৫ সালের ৩১ জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধরা পড়ার সংখ্যা দাঁড়িয়েছে ৩,৯৬৪ জন।
এর মধ্যে ২০২৩ সালে ধরা পড়েছেন ১৫৪৭ জন, ২০২৪ সালে ১৬৯৪ জন এবং চলতি বছর অর্থাৎ ২০২৫ সালের অগস্ট পর্যন্ত ধরা পড়েছেন ৭২৩ জন অনুপ্রবেশকারী। গত বছরের তুলনায় চলতি বছরে এই সংখ্যা কিছুটা কমেছে বলে জানিয়েছে কেন্দ্র।
বিএসএফের তরফে আগেই জানানো হয়েছিল, বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা কিংবা আর্থিক কারণে অনেক সময়েই সীমান্তে অনুপ্রবেশের প্রবণতা বেড়ে যায়। এই প্রবণতা ঠেকাতে কাঁটাতারের বেড়া অত্যন্ত জরুরি হলেও, এখনও বহু এলাকা বেড়াহীন রয়ে গিয়েছে।
কেন্দ্রীয় তথ্য অনুযায়ী, বেড়াহীন ওই ৫৬৯ কিলোমিটার এলাকার মধ্যে ১১২.৭৮ কিমি জায়গায় কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব নয়। বাকি ৪৫৬.২২ কিলোমিটার এলাকায় কাজ করা সম্ভব হলেও সেখানে বিভিন্ন স্তরে কাজ চলছে।
এখনও পর্যন্ত ৭৭.৯৩ কিমি এলাকায় বেড়ার কাজ চলছে। ২২৯.৩১ কিমির জন্য জমি অধিগ্রহণের প্রক্রিয়া চলছে। বাকি ১৪৮.৯৭১ কিমিতে এখনও জমি অধিগ্রহণের কাজ শুরুই হয়নি।
নিরাপত্তার প্রশ্নে বারবার কেন্দ্রকে কাঠগড়ায় তুলেছে রাজ্যের শাসকদলও। এবার সংসদে কেন্দ্রীয় তথ্য সামনে আসায় বিতর্ক আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।