দ্য ওয়াল ব্যুরো: ফুটপাথ দিয়ে গল্প করতে করতে পথ চলছেন দুই মহিলা। হাসতে হাসতে দিব্যি একে অপরের গায়ে ঢলে পড়ছেন। ফুটপাথের একধারে এসে ক্ষণিকের জন্য থামলেন দু’জনেই। হয়তো কোনও গোপন কথা মনে পড়ে গেছে। হাসাহাসির মাঝেই ছন্দপতন। আচমকাই ধরণী ভাগ হয়ে যাওয়ার মতো দু’পাশ থেকে ফুটপাতের অংশ চিড় খেয়ে ধসে পড়ল গোটাটাই। আর্তনাদ করে গর্তে ঢুকে গেলেন দুই মহিলা।
এমনই ভয়ঙ্কর ঘটনা ঘটেছে দক্ষিণ-পূর্ব তুরস্কের অন্যতম বড় শহর দিয়ারবারিক -এ। ঘটনার ভিডিও ইতিমধ্যেই নেট দুনিয়ায় ভাইরাল। কয়েক হাজার বার সেটা ভিউ ও শেয়ারও হয়ে গেছে। মর্মান্তিক এই ভিডিওটি দেখে ঘুম ছুটে গেছে ভিউয়ারদের। ভিডিও শুরুর আগেও লেখা রয়েছে সতর্কবার্তা।
https://youtu.be/Zs_t01m9JHo
মূলত ভিডিওটা ওই রাস্তারই সিসিটিভি ফুটেজ। সেটাই ছেয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। পুলিশ জানিয়েছে, দুই মহিলার নাম সুজান কুদে বালিক এবং ও’জালেম ডুয়েমার্জ। সুজান পেশায় একজন চিকিৎসক, ডুয়েমার্জ নার্স। জখম অবস্থায় দু’জনকেই ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে।
ভিডিওতে দেখা গেছে, আচমকাই রাস্তার ফুটপাথে ধস নামে। তাতেই দু’ভাগ হয়ে বিশাল গর্ত তৈরি হয় রাস্তার একাংশে। সেই সময় ফুটপাথের উপরেই দাঁড়িয়ে ছিলেন সুজান ও ডুয়ামার্জ। ফলে দু’জনেই ঢুকে যান গর্তের মধ্যে। ফুটেজে ধরা পড়া দৃশ্যের ভয়াবহতা এতটাই যে দেখলে মনে হবে ভেঙে পড়া রাস্তাটা যেন গিলে খেল দুই মহিলাকে। তাঁদের উদ্ধার করেন স্থানীয়রাই। প্রাথমিক চিকিৎসার পর দু’জনকেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।