
শেষ আপডেট: 29 August 2024 14:48
দ্য ওয়াল ব্যুরো,দক্ষিণ ২৪ পরগনা: সোশ্যাল মিডিয়ায় ভাঙড়ের তৃণমূল নেতাকে প্রাণনাশের হুমকি। সামাজিক মাধ্যমে হুমকি পেয়ে পুলিশের দ্বারস্থ ভাঙড় ১ এর তৃণমূল কংগ্রেস নেতা, সওকত মোল্লার ঘনিষ্ঠ আহসান মোল্লা।
বৃহস্পতিবারই ভাঙড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আহসান মোল্লা। তিনি বলেন,"সামাজিক মাধ্যমে আমার গলা কেটে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এই ঘটনার সঙ্গে আইএসএফ জড়িত। ওরা সবসময় ভাঙড়ে অশান্তির পরিবেশ তৈরি করতে চাইছে। সওকত মোল্লার নেতৃত্বে আমরা এলাকার মানুষের জন্য কাজ করি, এটা চাইছে না ওরা। তাই আমাকে সরিয়ে দিতে চাইছে। আগে মুখে বলেছে, এবার সামাজিক মাধ্যমে লিখে হুমকি দিচ্ছে।"
ভাঙড়-১ পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ আহসান মোল্লা। সামাজিক মাধ্যমে প্রাণনাশের হুমকি পেয়েই এদিন ভাঙড় থানায় গিয়ে লিখিত অভিযোগ জানান তিনি। তাঁর বক্তব্য, লোকসভা ভোটে তাঁর নেতৃত্বেই ভালো ফল করেছে তৃণমূল। এরপর থেকেই আইএসএফ নেতৃত্বের রোষে পড়েন। তাঁকে পৃথিবী থেকে সরানোর পরিকল্পনা করা হচ্ছে। আইএসএফ অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে। তাঁদের বক্তব্য, দলের কোন্দলের জেরেই হুমকি পেয়েছেন ওই নেতা। এখন আইএসএফের উপর দায় চাপানো হচ্ছে।
লোকসভা ভোটের সময় দফায় দফায় আইএসএফ-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয়েছে ভাঙড়। বোমা-গুলির লড়াইয়ে বিঘ্নিত হয়েছে সাধারণ মানুষের নিরাপত্তা। ভোট মেটার পর ধীরে ধীরে অশান্তির আঁচ কমলেও তলায় তলায় যে হুমকি-হুঁশিয়ারি জারি, এদিনের ঘটনায় তা আবার প্রকাশ্যে এল। ভাঙড় থানার পুলিশ জানিয়েছে, গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।