
মিনাখাঁয় ভোটারদের হুমকি
শেষ আপডেট: 31 May 2024 20:29
দ্য ওয়াল ব্য়ুরো, উত্তর ২৪ পরগনা: রাত পোহালেই ভোট। তার আগে শাসকদলের বিরুদ্ধে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠল। মিনাখাঁ বিধানসভার হাড়োয়া ব্লকের কুলটি অঞ্চলের ঘাসখালি এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে।
এলাকার বাসিন্দাদের অভিযোগ, ভোট দিতে না যাওয়ার জন্য চাপ দিচ্ছে তৃণমূল আশ্রিত গুণ্ডারা। তা না হলে ৪ তারিখের পরে দেখে নেওয়ার হুমকি দিচ্ছে। ঘটনার পর থেকে আতঙ্কিত ঘাসখালির বাসিন্দারা। তাঁদের দাবি, শান্তিপূর্ণভাবে ভোট দিতে চান তাঁরা। প্রশাসন সেই ব্যবস্থা করে দিক।
বীণা অধিকারি নামে এক বাসিন্দা বলেন, "বাড়ি এসে হুমকি দিচ্ছে। বলছে মার্ডার করে দেব। তোমরা বেরবে না। মাছ সব ফিশারি থেকে তুলে নেবে। আমার খুবই আতঙ্কিত।"
পুজা বর্মন নামে আরও এক মহিলা বলেন, "ওনারা এসেছিল ভোট বন্ধ করতে। হুমকিও দিয়ে যে আপনার যদি ভোট দিতে যান, ৪ তারিখের পরে দেখে নেব।"
আরও এক বাসিন্দা দেবজানি মণ্ডল বলেন, "সুস্থ ভাবে ভোট হোক এটাই আমরা চাই। খুবই আতঙ্কে রয়েছি আমরা। ওরা না বললে, আমরা ভোট দিতে যাব না।"
স্থানীয় বাসিন্দা তাপস অধিকারী জানিয়েছেন, বুধবার রাতে তাঁকে ফোনে হুমকি দেন এলাকার তৃণমূল নেতা গোকুল সর্দার। পরে বৃহস্পতিবার তাপসবাবুর মাসতুতো দাদাকে তাঁরা মারধর করে। এরপর গোকুল ও তাঁর বাহিনীর বিরুদ্ধে থানায় অভিযোগ করতে গেছিলেন তাপসবাবু। কিন্তু ভয়ে তিনি অভিযোগ না জানিয়ে ফিরে আসেন। তাপসবাবুর প্রশ্ন, ভোটার হয়ে কেন তাঁরা ভোট দিতে পারবেন না? প্রশাসন তাঁদের সাহায্য করুক।
অভিযুক্ত তৃণমূল নেতা গোকুল সর্দারের দাবি, কাউকে হুমকি দেওয়া হয়নি। শাসকদলের বিরুদ্ধে বিজেপির লোকেরা কুৎসা রটানোর জন্য এই ধরণের মিথ্যে অভিযোগ করছে।