
মৎস্যজীবীকে টেনে নিয়ে গেল কুমির, প্রতীকী ছবি
শেষ আপডেট: 29 July 2024 11:32
দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: কুমিরের মুখ থেকে বাবার হাতটা ছাড়িয়ে নিতে পাগলের মতো চেষ্টা করেছিল ছোট্ট ছেলেটা। শেষমেশ বাবাই পরামর্শ দিয়েছিল লোক ডেকে আনার। কিন্তু সবাইকে ডেকে নিয়ে ফিরে এসে আর বাবাকে দেখতে পায়নি সে। সুন্দরবনের পাথরপ্রতিমা এলাকায় কুমির টেনে নিয়ে গেল ওই মৎস্যজীবীকে। নিখোঁজ মৎস্যজীবীর নাম আব্বাসউদ্দিন শেখ (৪৫)। পুলিশ জানিয়েছে, নিখোঁজ মৎস্যজীবীর খোঁজে জগদ্দল নদীতে তল্লাশি অভিযান চলছে।
ছোটো ছেলেকে নিয়ে রবিবার বিকালে জগদ্দল নদীতে মাছ ধরতে গিয়েছিলেন আব্বাসউদ্দিন। মাছের জন্য জাল ফেলতেই বিশালাকার একটি কুমির কামড় বসায় আব্বাসের হাতে। বয়সের তোয়াক্কা না করেই কুমিরের মুখের ভিতরেই হাত ঢুকিয়ে বাবার হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে আব্বাসউদ্দিনের ছোট্ট ছেলে। কিন্তু পেরে ওঠেনি। তার বাবাই তাকে বলে লোক ডেকে আনতে। বাবার কথা নদী সাঁতরে পারে উঠে লোকও ডেকে আনে, কিন্তু এসে আর বাবাকে দেখতে পায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন গোবর্ধনপুর কোস্টাল থানার পুলিশ ও বনদফতরের কর্মীরা। আব্বাসউদ্দিনের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।
আব্বাসউদ্দিনের ছেলে বলে “আব্বা জাল ফেলতেই কুমিরটা আব্বার হাত ধরে। আমি কুমিরের দাঁতের পাটিতে হাত ঢুকিয়ে টানছি। আব্বা বলল, যা লোক ডেকে আন, একা পারবি না। আমি লোক ডেকে নিয়ে এসে দেখি আব্বা নেই।” সঙ্গে সঙ্গে ওই মৎস্যজীবীর খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়। তবে আব্বাসের কোনও সন্ধান পাওয়া যায়নি। সোমবার ভোর হতেই ফের শুরু হয়েছে তল্লাশি অভিযান। সময় যত গড়াচ্ছে ততই উদ্বেগ বাড়ছে ওই মৎস্যজীবীর পরিবারে।