
শেষ আপডেট: 5 January 2024 11:37
দ্য ওয়াল ব্যুরো: রেশন দুর্নীতির তদন্তে গিয়ে গ্রামবাসীদের বাধার মুখে পড়তে হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির আধিকারিকদের। শুক্রবার সকালে উত্তর ২৪ পরগনার সন্দেশখালির সরবেরিয়া গ্রামে তৃণমূল নেতা শাহাজাহান শেখের বাড়িতে হানা দিয়েছিলেন ইডির আধিকারিকরা
অভিযোগ তৃণমূল নেতার অনুগামীরা তদন্তকারী সংস্থার আধিকারিকদের ওপর হামলা চালায়। ঘটনায় মাথা ফেটেছে দুই আধিকারিকের। ওই ঘটনার ভিডিও ফুটেজ শেয়ার করে বাংলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে টুইটে বড় প্রশ্ন তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
টুইটে শুভেন্দু লিখেছেন, "ভয়ঙ্কর! পশ্চিমবঙ্গের আইন-শৃঙ্খলার পরিস্থিতি বিপর্যস্ত।' বিরোধী দলনেতার দাবি, "উত্তর ২৪ পরগনা জেলার টিএমসি নেতা শেখ শাহজাহানের বাড়িতে অভিযান চালানোর সময় সন্দেশখালিতে ইডি আধিকারিক ও সিআরপিএফ জওয়ানদের উপর নৃশংস হামলা চালানো হয়। আমি সন্দেহ করি যে এই হামলার নেপথ্যে রয়েছে রোহিঙ্গারা।"
এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রাজ্যপালের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রাজ্যপালের উদ্দেশে টুইটে শুভেন্দু লিখেছেন, " এই গুরুতর পরিস্থিতি বিবেচনা করে বাংলার নৈরাজ্য দমনের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা জরুরি।" সূত্রের খবর, টুইটের পাশাপাশি এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রকেও এদিন বিষয়টি বিস্তারিত জানিয়েছেন শুভেন্দু।
Horrific. The Law & Order Situation in West Bengal is in shambles.
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) January 5, 2024
ED Officials & CRPF Jawans brutally attacked in Sandeshkhali; North 24 Parganas district, while conducting Raid at TMC leader Sheikh Shahjahan's house.
I doubt that Rohingyas are present amongst the Anti National… pic.twitter.com/XHboQsBVSX
ঘটনার সূত্রপাত, এদিন সাতসকালে তৃণমূল নেতা শাহজাহান শেখের সরবেড়িয়ার বাড়িতে পৌঁছে যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির আধিকারিকরা। শাহজাহান উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ। একই সঙ্গে সন্দেশখালি ১-ব্লকের তৃণমূল সভাপতিও।
সূত্রের খবর, বহু ডাকাডাকির পরও শাহজাহানের বাড়ি থেকে কারও সাড়াশব্দ পাননি ইডির আধিকারিকরা। উল্টে শাহজাহানের অনুগামীদের হামলার মুখে পড়তে হয় তাঁদের। একাংশের ছোড়া ইটের ঘায়ে মাথা ফেটে যায় ইডির দুই আধিকারিকের।
রেশন দুর্নীতির তদন্তে নেমে এভাবে ইডি আধিকারিকদের হামলার মুখে পড়ার ঘটনা এই প্রথম। স্বভাবতই বিষয়টি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও এ ব্যাপারেশাহজাহন শেখের কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।