.webp)
শেষ আপডেট: 4 October 2023 15:06
দ্য ওয়াল ব্যুরো: কলেজ সার্ভিস কমিশনেও কারচুপির অভিযোগ। সহকারী অধ্যাপক নিয়োগের প্যানেলে প্রাপ্ত নম্বর প্রকাশ না করার অভিযোগে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল মামলা। ওই মামলাতেই কলেজ সার্ভিস কমিশনকে প্রার্থীদের প্রাপ্ত নম্বর সহ প্রকাশিত তালিকা আগামী ৬ অক্টোবরের মধ্যে আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
এবার এই বিষয়েই অতিরিক্ত সময় চেয়ে বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চে আবেদন জানাল কলেজ সার্ভিস কমিশন। এদিন কলেজ সার্ভিস কমিশনের তরফে আইনজীবী কিশোর দত্ত ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে জানান, এত কম সময়ে সব প্রার্থীর প্রাপ্ত নম্বর সহ তালিকা-সহ হলফনামা প্রকাশ করা সম্ভব নয়। সূত্রের খবর, আদালত আবেদনটি গ্রহণ করেছে। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার ওই মামলার শুনানি হতে পারে।
সম্প্রতি মোনালিসা ঘোষ নামে এক প্রার্থী কলেজ সার্ভিস কমিশনের বিরুদ্ধে আদালতে মামলা করেন। মামলাকারীর বক্তব্য, প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করেছে কলেজ সার্ভিস কমিশন। কিন্তু কে কত পেয়েছে তা জানানো হয়নি। অথচ প্রার্থীর মাধ্যমিক থেকে পিএইচডি পর্যন্ত ডিগ্রির জন্য আলাদা আলাদা নম্বর থাকে। সেই নম্বর যোগ করে কে কত পেয়েছে তার উল্লেখই নেই তালিকায়। তালিকার স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তোলেন মামলাকারী।
ওই মামলার শুনানিতেই বিচারপতি গঙ্গোপাধ্যায় জানান, নম্বর ছাড়া প্রার্থী তালিকা প্রকাশিত হলে সেখানে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। এরপরই কলেজ সার্ভিস কমিশনকে ৬ অক্টোবরের মধ্যে প্রার্থীদের প্রাপ্ত নম্বর সহ তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।