
শেষ আপডেট: 23 April 2024 19:45
দ্য ওয়াল ব্যুরো: "সোমবার বোমা ফাটবে" শুভেন্দু অধিকারীর এই মন্তব্যে তোলপাড় হয়ে গিয়েছিল রাজ্য রাজনীতি। সোমবার এক প্রকার বোমা বিস্ফোরণই হল। হাইকোর্টের স্পেশাল ডিভিশন বেঞ্চ ২০১৬ সালের এসএসসির সম্পূর্ণ প্যানেল বাতিল করার রায় দিল। চাকরি হারালেন ২৫,৭৫৩ জন শিক্ষক ও শিক্ষাকর্মী। বিচারব্যবস্থার উপর শুভেন্দু অধিকারীর প্রভাব নিয়ে বিস্ফোরক পুরমন্ত্রী ববি হাকিম। নিয়োগ দুর্নীতির রায়ে প্রকৃত বিচার কি আদৌ হল!
প্রশ্ন তুলে ববি বলেন, "২৬ হাজারের মধ্যে সবাই কি দুর্নীতি করে চাকরি পেয়েছেন? যাঁরা যোগ্য তাঁদের সঙ্গে সুবিচার হল কি?" তিনি আরও বলেন, "তাড়াহুড়ো করে প্রায় ২৫ হাজার জনের চাকরি চলে গেল। যাঁরা যোগ্য তাঁদেরও চাকরি চলে গেল। হঠকারী বিচার হয়েছে।" শুভেন্দুকে কটাক্ষ করে ফিরহাদ বলেন, "সবথেকে আশ্চর্য লাগে বিরোধী দলনেতা বিচার আগে পড়ে নেন, বিচারপতি পরে ডেলিভার করেন।"