
শেষ আপডেট: 19 December 2023 20:17
দ্য ওয়াল ব্যুরো: আইপিএলের নিলামে এদিন চমকের শেষ ছিল না। প্রথমেই প্যাট কামিন্সকে ২০ কোটি টাকায় কিনে নিয়ে ঝটকা দিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। তবে তখনও কে জানত আইপিএল ইতিহাস তৈরি করে দেবেন মিচেল স্টার্ক ও কেকেআর। গুজরাতের সঙ্গে লড়াই করে সাড়ে ২৪ কোটি টাকায় অজি পেসারকে কিনে নেয় শাহরুখ খানের দল। স্টার্ককে নেওয়ার আগে ৫০ লাখ টাকা করে আরও দুই ভারতীয় ক্রিকেটারকে দলে নিয়েছিল কেকেআর।
এদিন নিলামে শুরু থেকে তেমন বিডিং করতে দেখা যায়নি কেকেআরকে। কলকাতা দলে যেহেতু একজন ভাল পেসারের প্রয়োজন ছিল, সেই কারণেই হয়তো টাকা জমিয়ে রেখেছিল তারা। স্টার্ককে তুলে নিয়ে সেই শূন্যস্থান পূরণ করে কলকাতা। এছাড়াও এদিন নিলাম থেকে কেএস ভরত ও চেতন সাকারিয়াকে দলে নিয়েছে কেকেআর।
কলকাতা দলে যোগ দিতে পেরে উচ্ছ্বসিত স্টার্ক। তিনি বলেন, 'আমি প্রচণ্ড উত্তেজিত। কলকাতায় খেলতে পারব ভেবেই ভাল লাগছে। ইডেন গার্ডেন্সে এত মানুষের সামনে খেলতে পারব ভেবেই ভাল লাগছে।' স্টার্ক একা নন একই রকম উচ্ছ্বসিত চেতন ও ভরতও। চেতনের কথায়, 'চন্দ্রকান্ত পণ্ডিতের মতো কোচ, মেন্টর গৌতম গম্ভীরের সঙ্গে ড্রেসিংরুম ভাগ করে নিতে পারব জেনেই ভাল লাগছে। তারওপর দলে আছেন স্টার্কের মতো ক্রিকেটার। অনেক কিছু শিখব। ধন্যবাদ কেকেআরকে।'
কেএস ভরতও একই রকম আনন্দিত কেকেআর শিবিরে যোগ দিতে পেরে। তিনি বলেন, 'আমি কেকেআর দলে সুযোগ পেয়ে খুব উত্তেজিত।' এই প্রতিবেদন যখন লেখা হচ্ছে তখন অবধি কেকেআর আরও তিন ক্রিকেটার কিনেছে। রমনদীপ সিং ও অঙ্কুর রঘুবংশীকে তাঁদের বেস প্রাইস ২০ লাখ টাকাতেই কেকেআর দলে নেয়। এছাড়াও ক্যারিবিয়ান তারকা শেরফানে রাদারফোর্ডকে দেড় কোটিতে টাকা কিনল শাহরুখের দল।