.jpg)
আউট হতেই অবাক বিরাট কোহলি
শেষ আপডেট: 10 February 2025 14:06
দ্য ওয়াল ব্যুরো: রবিবার (৯ ফেব্রুয়ারি) কটকের বরাবাটি স্টেডিয়ামে ভারত বনাম ইংল্যান্ড দ্বিতীয় ওয়ানডে ম্যাচ আয়োজন করা হয়েছিল। এই ম্যাচে কামব্যাক করেন টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার বিরাট কোহলি। কিন্তু, খুব বেশি রান করতে পারেননি তিনি। ৮ বলে মাত্র ৫ রান করে তাঁকে প্যাভিলিয়নে ফিরে যেতে হয়। আদিল রশিদ তাঁর উইকেট শিকার করেন। যদিও এই আউট নিয়ে ইতিমধ্যে বিতর্কের ঝড় উঠতে শুরু করেছে। এমনকী, আম্পায়ারের সিদ্ধান্তের পর বিরাট নিজেও বেশ অবাক হয়ে যান।
প্রসঙ্গত, রশিদের ফ্লাইটেড ডেলিভারি সামনের দিকে ঝুঁকে ডিফেন্স করতে যান বিরাট। কিন্তু, নিখুঁত টার্নের কারণে বলটা তাঁর ব্যাটের কানা ছুঁয়ে বেরিয়ে যায়। ইংল্যান্ড ক্যাচ আউটের আবেদন করলেও, প্রথমে অন-ফিল্ড আম্পায়ার আউট দিতে চাননি। এরপর ইংল্যান্ড শিবির DRS নেয়। রিপ্লে-তে দেখতে পাওয়া যায়, আলট্রা-এজে হাতেগোনা কয়েকটা স্পাইক রয়েছে। এরপর কোহলিকে আউটের সিদ্ধান্ত দেন আম্পায়ার। আম্পায়ারের সিদ্ধান্তের পর হতাশ হয়ে পড়েন বিরাট। সেটা তাঁর চোখ-মুখ দেখেই স্পষ্ট বুঝতে পারা যাচ্ছিল।
কোহলির প্রতিক্রিয়া দেখে অনেকেই অনুমান করছেন যে বলটা বোধহয় তাঁর ব্যাটে লাগেনি। তাঁদের কথায়, প্রযুক্তির ত্রুটির কারণে বিরাটকে আউট দেওয়া হয়েছে। কেউ কেউ আবার বলছেন, বলটা একেবারে আলতোভাবে বিরাটের ব্যাটের কানা লেগেছিল। সেটা তিনি বুঝতে পারেননি।
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনি টেস্টের পর কোহলি এই প্রথমবার টিম ইন্ডিয়ার জার্সিতে খেলতে নামলেন। হাঁটুতে চোটের কারণে নাগপুরে কোহলি খেলতে পারেননি। প্রথম ম্যাচে কোহলির পরিবর্তে শ্রেয়স আইয়ার খেলতে নেমেছিলেন। নাগপুরে শ্রেয়সের ব্যাট থেকে একটি ম্যাচজয়ী হাফসেঞ্চুরি বেরিয়ে আসে। দ্বিতীয় টেস্ট ম্যাচে অবশ্য যশস্বী জয়সওয়ালের জায়গায় খেলতে নেমেছিলেন বিরাট।
এই ম্যাচে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মাকে আবারও বিধ্বংসী মেজাজে দেখতে পাওয়া গেল। মাত্র ৭৬ বলে তাঁর ব্যাট থেকে বেরিয়ে আসে একটি ঝকঝকে শতরান। শেষপর্যন্ত ১১৯ রানে তিনি আউট হয়ে যান। পাশাপাশি টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক শুভমান গিলও ৬০ রান করেন। অবশেষে টিম ইন্ডিয়া এই ম্যাচে ৪ উইকেটে জয়লাভ করেছে।