
বিধ্বংসী মেজাজে বিরাট
শেষ আপডেট: 26 March 2024 13:20
দ্য ওয়াল ব্যুরো: 'ভিনি, ভিদি, ভিচি'... প্রায় রোমান ইতিহাসের সেই অমোঘ প্রবাদের মতই। ঘরের মাঠ। ঠাসা দর্শক। আইপিএলে চিন্নাস্বামী স্টেডিয়ামে দলের প্রথম ম্যাচ। বাকিটা... সবটাই তিনিঃ বিরাট কোহলি। পঞ্জাব কিংসের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অধিনায়ক ফাফ দুপ্লেসির সঙ্গে ওপেন করলেন। ৪৯ বলে ৭৭ রানের রাজকীয় ইনিংস খেলে গেলেন। ১১ টা বাউন্ডারি, দেড়শো বেশি স্ট্রাইক রেট। শেষে দেখা গেল, রেকর্ড বইতেও নতুন এন্ট্রি লেখা হয়ে গিয়েছে তাঁর। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে একশোটি অর্ধশতরান করার নজির গড়ে ফেললেন বিরাট।
পঞ্জাব শুরুটা খারাপ করেনি। আরসিবি ভেবেচিন্তেই টসে জিতে তাদের ব্যাট করতে পাঠিয়েছিল। তবে নানা ঘাত-প্রতিঘাত সামলে মাঠে ফেরা শিখর ধওয়ন ওপেন করতে নেমে ৪৫ রানের পাকাপোক্ত ইনিংস তৈরি করে দিয়ে গেলেন। চিন্নাস্বামীর মত মাঠে অবশ্য ১৭৬ খুব নিশ্চিন্ত হওয়ার মত স্কোর নয়। তবে স্যাম কারান, আরশদীপ সিংহ, কাগিসো রাবাডার মত তারকা বোলিং লাইন আপ নিয়ে প্রীতি জিন্টার দল আশাবাদী হ'তেই পারত। কিন্তু কোহলি যেদিন আগুন ঝরাবেন, সেদিন আর কারোরই বোধ হয় কিছু করার থাকে না। শুরুর ওভারের দ্বিতীয় বলেই অবশ্য স্যাম কোহলিকে ফেরাতে পারতেন। কিন্তু ক্যাচ ফেলে চার রান হয়ে যায়। ঝোড়ো ব্যাটে সেই ওভার শেষ হয় ১৬ রানে।
আইপিএলে বরাবরই আরসিবি 'চোকার্স' বলে পরিচিত। প্রতি বছর তারকাখচিত দল নামিয়েও এখনও অবধি একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি তারা। এবারে আরসিবির মহিলা-দল মেয়েদের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়ে সেই খরা খানিক কাটিয়েছেন। ফলে তুমুল চাপ এবার দুপ্লেসি-কোহলিদের ওপর। যার ফলে শুরু থেকেই জয় ছাড়া আর কিছু ভাবতে পারছেন না তাঁরা। প্রথম ম্যাচে চেন্নাই থেকে অবশ্য শুকনো মুখে ফিরতে হয়েছে তাঁদের। ফলে এবারের ম্যাচ ছিল জয় ছিনিয়ে নেওয়ার মরিয়া লড়াই। পাশাপাশি, কোহলির মুকুটে নতুন পালকে স্বাভাবিকভাবেই খুশি ভক্তরা।
এই মুহূর্তে টি-টোয়েন্টিতে সর্বাধিক পঞ্চাশের রেকর্ড ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইলের। ১১০-টি হাফ সেঞ্চুরি নিয়ে তিনি রয়েছেন তালিকার শীর্ষে। মাত্র একটা কম নিয়ে, ১০৯ টি অর্ধশতকের অধিকারী ডেভিড ওয়ার্নার। তালিকায় এবার তিন নম্বরে চলে এলেন বিরাট। তাঁর ঘাড়ের কাছেই অবশ্য রয়েছেন পাকিস্তানের বাবর আজম। তাঁর ঝুলিতে আছে ৯৯-টি। ৯৮-টি হাফসেঞ্চুরি নিয়ে তারপর জস বাটলার। ভারতীয়দের মধ্যে অবশ্য কোহলির পরেই রয়েছেন রোহিত শর্মা। তাঁর সংগ্রহে ৮১-টি হাফসেঞ্চুরি।