দ্য ওয়াল ব্যুরো: ভারতের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের আরোগ্য কামনা করে টুইট করলেন তামিল ও বলিউড অভিনেত্রী নাগমা। তিনি টুইট করে সৌরভের উদেশ্যে লিখেছেন, ‘‘খুব দ্রুত সেরে উঠুন, অনেক প্রার্থনা জানাই।’’ নাগমা শুধু অভিনেত্রী হিসেবেই পরিচিত নন, তিনি কংগ্রেসের হয়ে নির্বাচনে প্রার্থীও হয়েছিলেন।
https://twitter.com/nagma_morarji/status/1345294271763472384
বিভিন্নমহল থেকে আরোগ্য কামনা করা হয়েছে বাংলার সেরা আইকনের উদেশ্যে। সেই তালিকায় শচীন তেন্ডুলকার থেকে শুরু করে অনিল কুম্বলে, বিরাট কোহলি, রাহুল দ্রাবিড়রাও তাঁর সেরে ওঠার বার্তা জানিয়েছেন। এমনকি টলিউডের নামী তারকারাও প্রিয় দাদার উদেশ্যে আরোগ্যের বার্তা জানিয়ে টুইট করেছেন।
সমাজের সর্বস্তরে সৌরভ কতটা জনপ্রিয়, তা এই বার্তাগুলির মাধ্যমেই পরিষ্কার হয়ে গিয়েছে। তাঁর শরীরের খোঁজ নিতে ও তাঁর সেরে ওঠার জন্য আকুল প্রার্থনায় তিনি যে প্রকৃত অর্থের আইকন, সেটিও দেখা গিয়েছে।
শচীন কিংবা কোহলির টুইট ছিল, দাদা দ্রুত সেরে উঠে আবারও কাজে ফেরো। টুইটে সৌরভের আরোগ্য কামনা করেন রবি শাস্ত্রী, শিখর ধাওয়ান, মিতালি রাজ, ঋদ্ধিমান সাহা, মহম্মদ সামিরাও। টুইটারে রবি শাস্ত্রী লিখেছেন, ‘‘সৌরভ গঙ্গোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করছি। এই কঠিন সময়ে ওঁর পরিবার এবং সমর্থকদের পাশে আছি। দ্রুত ওঁকে সুস্থ হয়ে কাজে ফিরতে হবে।’’