
শেষ আপডেট: 11 January 2021 16:02
হাবাস সেই ঝুঁকিটাই নিলেন না। কৌশলে রদবদল আনা উচিত ছিল এই ম্যাচটিতে। বাঘের গুহায় প্রবেশ করেই যদি কেউ মরে যায়, তা হলে বাঘের আর কিছু করার থাকে না। সেটাই হয়েছে এটিকে-এমবি দলের।
তারা শুরু থেকেই ম্যাচে খোলসে ঢুকে ছিল। কোচ ভেবেছিলেন, প্রতি আক্রমণ নির্ভর ফুটবল খেলে তিনি কাজ হাসিল করবেন। গত নয়টি ম্যাচে তাও বিরতির পরে তিনি কৌশল বদলে আক্রমণে গিয়েছিলেন, সোমবার তাও করেননি। টানা ডিফেন্সিভ খেললে অনেক ঝুঁকি থেকে যায়, একবার দলের রক্ষণ ভেঙে গেলে হার নিশ্চিত, সেটাই হয়েছে এদিনের ম্যাচে।
মুম্বই এমন একটি দল যারা জানে কিভাবে ম্যাচের রাশ নিজেদের হাতে রাখতে হয়, তাই তারা রক্ষণ জোরদার করেছে, এমনকি আক্রমণে গিয়েছে। তাই ম্যাচের একমাত্র গোলটি মুম্বই পেয়েছে পরিকল্পিত আক্রমণ থেকেই। নিজেদের বক্সের কাছে গার্সিয়া পড়ে গিয়েছিলেন, সেই কারণে কোচ রেফারির কাছে ফাউল চান। কিন্তু তার মধ্যেই মুম্বই এগিয়ে গিয়েছে, এবং দারুণ এক যুগলবন্দীতে গোলটি করেছেন বার্থোলোমিউ ওগবেচে। তিনি ও বোউমাসের দাপটে সারা ম্যাচে ত্রস্ত ছিলেন সবুজ মেরুন ডিফেন্ডাররা।
খেলার শুরু থেকে চিত্র দেখলে দেখা যাবে টানা আক্রমণ করে গিয়েছে মুম্বই। একবার তো মোহনবাগানের হয়ে গোললাইন সেভ করেন রক্ষণের ফুটবলাররা। বহুবার অরিন্দম বাঁচিয়েছেন, না হলে আগেই গোল খেয়ে যায় হাবাসের দল। সারা ম্যাচে রয় কৃষ্ণদের একবারের জন্যও ভয়ঙ্কর দেখায়নি। হাবাসের কৌশলেই পুরো দল গুটিয়ে থাকল। বরং বোউমাস-ওগবেচেরাই ম্যাচে ত্রাস হয়ে উঠলেন বারবারই।
এটিকে-মোহনবাগান: অরিন্দম ভট্টাচার্য, প্রীতম কোটাল, সন্দেশ ঝিঙ্গান, তিরি, শুভাশিস বোস, এদু গার্সিয়া, গ্লেন মার্টিন্স, জাভি হার্নান্দেজ (ব্র্যাড ইনম্যান), মনবীর সিং, রয় কৃষ্ণা, ডেভিড উইলিয়ামস।
মুম্বই সিটি এফসি: অমরিন্দর সি, অমেয় রানাওয়াদে, মোর্তাদা ফল, হার্নান সান্তানা, মন্দার রাও দেশাই, রাওলিন বোর্জেস, রেনিয়ার ফার্নান্দেজ, সিওয়াই গড্ডার্ড, হুগো বোউমাস, বিপিন সিং, বার্থোলোমিউ ওগবেচে।