দ্য ওয়াল ব্যুরো : কেকেআর শিবিরে খুশি ও স্বস্তির খবর। জন্মদিনেই আঙুলের চোট সরিয়ে মাঠে ফিরতে চলেছেন ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মর্গ্যান। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি২০ ম্যাচে আঙ্গুলে চোট পান মর্গ্যান। তৃতীয় ম্যাচে না খেললেও ওয়ান ডে সিরিজের আগে সুস্থ হয়ে উঠেছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। তাঁর এই মাঠে ফেরার খবরে স্বস্তি নাইট রাইডার্স শিবিরেও।
গত রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে স্টোইনিসের শট আটকাতে গিয়ে আঙুলে চোট পান তিনি। আইপিএল শুরু হতে বেশিদিন বাকি নেই। খুব স্বাভাবিক ভাবে এই খবর নাইট শিবিরের কাছে উদ্বেগজনক ছিল। কারণ মর্গ্যান কেকেআরের ব্যাটিং শক্তি অনেকটাই বাড়াতে পারেন। কিন্তু মর্গ্যানের আঙুলে লেগে যাওয়ায় বোঝা যাচ্ছিল না যে, তিনি কবে নাগাদ ফিরতে পারবেন মাঠে? ইসিবির তরফ থেকেও কোনও বক্তব্যও পেশ করা হয়নি। শেষ পর্যন্ত শুক্রবার জানানো হল, মর্গ্যান ফিট। অজিদের বিরুদ্ধে ওয়ান ডেতেও তিনি নামছেন। আর এই খবর পেতেই খুশি নাইটরা।
করোনা ভাইরাসের আবহে ইংল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে টি-টোয়েন্টি ও ওয়ান ডে সিরিজ খেলতে ব্যস্ত রয়েছে অস্ট্রেলিয়া। সেই পর্ব মিটিয়ে ১৭ সেপ্টেম্বর আমিরশাহী পৌঁছনোর কথা ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের।
করোনার জন্য স্বাস্থ্য বিধি মেনে ১৪ দিন কোয়ারেন্টাইনে থেকে আইপিএল খেলতে নামার কথা ইয়ন মর্গ্যান, প্যাট কামিন্সদের। কিন্তু আবু ধাবি প্রশাসনের সঙ্গে কথা বলে ওই দুই দেশের ক্রিকেটারদের বাধ্যতামূলক আইসোলেশন পর্ব ১৪ থেকে কমিয়ে ৬ দিন করা হয়েছে বলে জানিয়েছেন কেকেআর সিইও ভেঙ্কি মাইসোর।
২৩ সেপ্টেম্বর আইপিএল অভিযান শুরু হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের। আবু ধাবিতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নামছেন দীনেশ কার্তিকরা।