দ্য ওয়াল ব্যুরো: ওপেন করতে নেমে সবাইকে চমকে দিয়েছিলেন ফিঞ্চের জায়গায় দ্বিতীয় টি ২০ ম্যাচে অস্ট্রেলিয়ার অধিকায়কত্ব করা ম্যাথু ওয়েড। তাঁকে নিয়ে সম্ভবত পাওয়ার প্লে-তে কোনও পরিকল্পনা নেননি ভারতীয় বোলাররা। তার ফল ভুগতে হল। বেধড়ক মারলেন ওয়েড। এদিন ব্যর্থ কোহলির দুই তুরুপের তাস চাহাল ও ওয়াশিংটন সুন্দর। একটা সময় মনে হচ্ছিল ২২০-২২৫ রান করবে অস্ট্রেলিয়া। কিন্তু এদিনও বল হাতে চমক দেখালেন তরুণ টি নটরাজন। তাঁর বলেই ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৪ রানে শেষ হল অস্ট্রেলিয়ার ইনিংস।
এদিন ম্যাথু ওয়েডকে টস করতে নামতে দেখেই সবাই বুঝে যান ফিঞ্চ দলে নেই। টসে জিতে বিরাট কোহলি বল করার সিদ্ধান্ত নেন। দুটি দলই তিনটে করে পরিবর্তন করে। ভারতীয় দল থেকে বাদ যান রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি ও মনীশ পাণ্ডে। তাঁদের জায়গায় দলে ঢোকেন যজুবেন্দ্র চাহাল, শার্দুল ঠাকুর ও শ্রেয়স আইয়ার। অন্যদিকে অস্ট্রেলিয়া দলে ফিঞ্চ, স্টার্ক ও হ্যাজলউডের জায়গায় স্টয়নিস, স্যামস ও অ্যান্ড্রু টাই সুযোগ পান।
ওপেন করতে নেমে পাওয়ার প্লে-কে কাজে লাগান ওয়েড। দ্রুত রান তুলতে থাকেন তিনি। অন্য ওপেনার ডার্সি শর্ট রান পাননি। পাওয়ার প্লে-তেই নিজের হাফসেঞ্চুরি করেন ওয়েড। শেষ পর্যন্ত ৩২ বলে ৫৮ করে রান আউট হন তিনি। ১০টি চার ও একটি ছক্কা মারেন তিনি।
দুই ওপেনার আউট হওয়ার পরে স্মিথের সঙ্গে পার্টনারশিপ গড়েন ম্যাক্সওয়েল। স্মিথ ধরে খেললেও ম্যাক্সওয়েলকে ভয়ঙ্কর দেখাচ্ছিল। ১৩ বলে ২২ করে শার্দুলের শিকার হন তিনি। স্মিথ ৪৬ করলেও বিধ্বংসী ফর্মে দেখা যায়নি। হেনরিকস করেন ২৬। শেষ দিকে ৭ বলে ১৬ করে দলের রান ১৯৪-এ নিয়ে যান স্টয়নিস।
নটরাজন ছাড়া ভারতের বাকি চার বোলারই ব্যর্থ। চাহাল স্মিথকে আউট করলেও ৫১ রান দিয়েছেন। একমাত্র নটরাজনই ৪ ওভারে ২০ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন। তিনি না থাকলে আরও বেশি রান করত অস্ট্রেলিয়া।
সিডনির উইকেটে ১৯৪ রান বেশ বড় স্কোর। যদিও ভারতের যা ব্যাটিং লাইনআপ তাতে এই রান তাড়া করা সম্ভব। বিশেষ করে অজি দলে স্টার্ক ও হ্যাজলউড নেই। কিন্তু তার জন্য শুরুটা ভাল করতে হবে শিখর ধাওয়ান ও লোকেশ রাহুলকে।