
সৌরভ গঙ্গোপাধ্যায়।
শেষ আপডেট: 17 August 2024 18:00
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর কাণ্ড নিয়ে ফের মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এর আগে তাঁর প্রতিক্রিয়া নিয়ে সর্বস্তরে সমালোচনার ঝড় বয়ে গিয়েছিল। সেই নিয়ে সৌরভ জানান, আমি জানি না কীভাবে আমার কথার ব্যাখ্যা হয়েছে, তবে আমি একবারও বলিনি এটা একটা বিচ্ছিন্ন ঘটনা।
শনিবার রাজারহাটের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে মহারাজের কন্যা সানার বহুজাতিক সংস্থা ইনোভার্ভের একটি অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠান শেষে ভারতের প্রাক্তন অধিনায়ক বলেছেন, ‘‘আরজি কর হাসপাতালে যেটা ঘটেছে, তা অত্যন্ত নারকীয় ও নিন্দনীয় ঘটনা। এমনটা ঘটতে পারে, আমি কল্পনাই করতে পারছি না। দোষীদের এমন কঠোর শাস্তি দেওয়া উচিত, যাতে আগামী দিনে এমন অপরাধ করার সাহস না পায়।’’
এই ঘটনার জেরে কলকাতাসহ সারা রাজ্যে মহিলা আন্দোলনকারীদের সমর্থনে সৌরভ বলছেন, ‘‘একদম সঠিক সিদ্ধান্ত। কিন্তু আমাদের এটাও মাথায় রাখতে হবে চিকিৎসা ব্যবস্থা যেন বেহাল না হয়। ভীষণ গুরুত্বপূর্ণ একটা দফতর এই স্বাস্থ্য। এমার্জেন্সিতে চিকিৎসকদের প্রয়োজন মানুষের।’’
সৌরভ বলেছেন, এমন ঘটনা যেন ভারতে কিংবা ভারতের বাইরেও না ঘটে। একজন দায়িত্বপ্রাপ্ত মহিলা চিকিৎসক হাসপাতালে সুরক্ষিত নন, এটা ভাবাই যায় না। সৌরভের সুরে কথা বলেছেন স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ও। তিনি জানিয়েছেন, ‘‘গত ১৪ অগস্ট রাতে আমিও মহিলাদের পথ দখলের অংশ হতে চেয়েছিলাম, কিন্তু সানার শরীর ভাল ছিল না বলে আমি যেতে পারিনি। কিন্তু এতে আমার পূর্ণ সমর্থন রয়েছে।’’
সৌরভের আগের বক্তব্য নিয়ে অবশ্য সোশ্যাল মিডিয়া কিংবা অনেকেই সমালোচনায় মুখর হয়েছিলেন। কেউ বলেছিলেন, ‘‘আপনিও একজন মেয়ের বাবা, খুব সতর্ক হয়ে কথা বলুন।’’ শ্রীলেখা মিত্রের মতো অভিনেত্রীও সৌরভের ব্যতিক্রমী সমালোচনায় সরব হয়েছিলেন।