
শেষ আপডেট: 21 December 2023 14:19
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় মহিলা টেস্ট দলে অভিষেক হল বাংলার মেয়ে রিচা ঘোষের। শিলিগুড়ির এই মেয়েটি বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে সুযোগ পেয়েছেন। রিচা নিজের পছন্দের উইকেটরক্ষক পজিশনে না থাকলেও খেলছেন ব্যাটার হিসেবে।
মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে রিচার সঙ্গে বিশেষ দিনে হাজির ছিলেন তাঁর বাবা, মা ও বোন। ম্যাচের আগে এদিন সকালে দলের অধিনায়িকা হরমনপ্রীত কাউর বলেছেন, ‘গত ম্যাচে শুভা সতীশ চোট পেয়েছে, তাই ওকে এই ম্যাচে পাওয়া যাবে না। ওর বদলে রিচা সুযোগ পেয়েছে। রিচা বহুদিন ধরে ভারতীয় দলের সদস্যা, তাই আমাদের ধারণা, সাদা বলের পাশে লাল বলেও রিচা ভাল খেলবে।’
২০০৫ সালে ভারতীয় টেস্ট দলে চাকদহের মেয়ে রুমেলি ধরের অভিষেক হয়েছিল। তারও আগে ঝুলন গোস্বামীর অভিষেক হয়। ১৮ বছর মানে দেড় যুগ বাদে ফের কোনও বঙ্গতনয়ার অভিষেক হল। রিচাকে এদিন টেস্ট ক্যাপ তুলে দিয়েছেন দলের সহ অধিনায়িকা স্মৃতি মান্ধানা।
ঘরের মাঠে ভারতীয় দল নয় বছর পরে টেস্ট খেলতে নামছে। শেষ বার ভারতের মহিলা ক্রিকেট দল টেস্ট ম্যাচ খেলেছিল ইংল্যান্ডে ২০২১ সালে। সেই বছর কেবল দুটি টেস্ট ম্যাচ খেলেছিল ভারতের মহিলা দল। ইংল্যান্ডের বিরুদ্ধে দুটি টেস্ট ম্যাচই ড্র হয়েছিল। এবার ঘরের মাঠে একটি মাত্র ম্যাচে অজিদের হারালে পুরনো গৌরব আবারও ফিরবে দেশের মহিলা ক্রিকেটারদের।
এদিন ম্যাচে ভারতীয় দলের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং নিয়ে অস্ট্রেলিয়া ৬০ ওভারে এখনও পর্যন্ত করেছে ১৮০/৮। অজিদের পক্ষে হাফসেঞ্চুরি করেছেন তাহিলা ম্যাকগ্রথ (৫০)। এছাড়াও রান পান দলনেত্রী এলিসা হিলি (৩৮), বেথ মুনি (৪০)। ভারতীয় দলের হয়ে এখনও পর্যন্ত সেরা বোলিং পূজা বস্ত্রকারের। ডানহাতি মিডিয়াম পেসার চার উইকেট নিয়েছেন। দুই উইকেট নেন স্নেহ রাণা।