
শেষ আপডেট: 17 October 2023 15:41
দ্য ওয়াল ব্যুরো: বাটানগর স্টেডিয়ামে এর আগে পা পড়েছিল দিয়েগো মারাদোনার। সেবার মারাদোনাকে ছাদ খোলা জিপে ঘোরানো হয়েছিল। সেই স্মৃতি এখনও সজীব বাটার মানুষদের কাছে।
মঙ্গলবার এই মাঠেই পা পড়ল ব্রাজিলের ফুটবল কিংবদন্তি রোনাল্ডিনহোর। তাঁকে দেখতে উপচে পড়েছিল মাঠচত্বর। বাটার যে মাঠে রোনাল্ডিনহো প্রধান অতিথি এসে হাজির ছিলেন, সেই মাঠে ভারতের বহু ফুটবলারের উঠে আসার মঞ্চ। রোনাল্ডিনহো মানেই আবেগ। তাঁকে মাঠে স্বাগত জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও ছিলেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু, রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন প্রমুখ।
বাটার মাঠে প্রদর্শনী ম্যাচে মুখোমুখি হয়েছিল ডায়মন্ড হারবার এফসি ও শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। ওই ম্যাচে দলের ফুটবলারদের সঙ্গে পরিচয়পর্ব সারেন শিল্পী ফুটবলার। আলাদাভাবে কথা বলেন অভিষেকের সঙ্গেও। দোভাষীর মাধ্যমে কথা বলছেন ব্রাজিলীয় তারকা। দু’দলের দুই কোচ ডায়মন্ড হারবারের কিবু ভিকুনা ও শ্রীভূমি স্পোর্টিংয়ের কোচ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গেও কথা বলেছেন এই গ্রেট ড্রিবলার।
রোনাল্ডিনহোর সামনে বাটা মাঠে তরুণীরা সাম্বা নাচ নেচে দেখিয়েছেন। এই ঘটনা সত্যিই অভিনব। অনেক আগে থেকেই যে অনুষ্ঠানের প্রস্তুতি সারা হয়েছে, সেটি ভালই বোঝা গিয়েছে। দেখা যায়, মঞ্চে বসে রোনাল্ডিনহো নিজের মোবাইল থেকে ওই তরুণীদের নাচ ভিডিও করে রাখছেন। ব্রাজিলের নৃত্য সংস্কৃতির ছোঁয়া ২০ হাজার মাইল দূরে এসে দেখবেন, সেটি ভাবতেও পারেননি এই স্কিলফুল ফুটবলার।