১৮ বছরে প্রথমবার আইপিএল জিতল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আনন্দে আত্মহারা বেঙ্গালুরুর সমর্থকেরা। সারা রাত ধরে সে এক বাঁধভাঙা আনন্দ!

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
শেষ আপডেট: 4 June 2025 12:56
দ্য ওয়াল ব্যুরো: ১৮ বছরে প্রথমবার আইপিএল জিতল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আনন্দে আত্মহারা বেঙ্গালুরুর সমর্থকেরা। সারা রাত ধরে সে এক বাঁধভাঙা আনন্দ! প্রতিপক্ষ সমর্থকদের ট্রোলের জবাব দেওয়ার রাত যেন! বিরাট কোহলিরা আহমেদাবাদে ট্রফি জিততেই মঙ্গলবার রাত থেকেই সমর্থকেরা উৎসবে মেতে ওঠেন বেঙ্গালুরু শহর জুড়ে। আর বুধবার গোটা শহর সাক্ষী থাকছে সেই বিজয় উদ্যাপনের—ভিক্টরি প্যারেড-এর মধ্য দিয়ে।
RCB-র পক্ষ থেকে আগেই ঘোষণা করা হয়েছিল, বুধবার (আজ) শহরে আয়োজিত হবে গ্র্যান্ড সেলিব্রেশন। দুপুর ৩.৩০-এ শুরু হয়েছে ভিক্টরি প্যারেড, যার সূচনা হয়েছে বেঙ্গালুরুর বিধান সৌধ থেকে, শেষ গন্তব্য—চিন্নাস্বামী স্টেডিয়াম। আশাপ্রকাশ করা হয়েছে, বিপুল সংখ্যক সমর্থক এই বিজয়যাত্রায় অংশ নেবেন।
সোশ্যাল মিডিয়ায় আরসিবির তরফে বলা হয়েছে, "বেঙ্গালুরুতে এই প্যারেড তোমাদের জন্য। তোমরাই আমাদের দ্বাদশ ব্যক্তি। প্রতি বছর তোমাদের চিৎকার, কান্না আর ভালবাসায় ভেসেছি। এই জয়, এই ট্রফি—তোমাদেরই প্রাপ্য।" এই ঐতিহাসিক মুহূর্ত সরাসরি সম্প্রচার করছে Star Sports ও JioHotstar। ভিক্টরি প্যারেড লাইভ দেখতে মুখিয়ে দেশের কোটি ভক্ত।
২০০৮ সাল থেকে RCB-র হয়ে খেলে চলেছেন বিরাট কোহলি। তিনবার ফাইনালে উঠে শেষ ধাপে হোঁচট খাওয়ার বেদনা ছিল মনে। এবার চতুর্থ প্রচেষ্টায় মিলল কাঙ্ক্ষিত ট্রফি। মাঠেই আবেগে ভেসে পড়েন বিরাট, চোখে জল। পাশে ছিলেন তাঁর দীর্ঘদিনের সতীর্থ ক্রিস গেইল, এবিডি ভিলিয়ার্স-এর মতো কিংবদন্তিরা।
বিরাট বলেন—"এই ট্রফি যেমন দলের, তেমনই সমর্থকদের। ১৮ বছর পেরিয়ে এই মুহূর্ত দেখতে পারা এক অসাধারণ অনুভূতি। আমি আমার যৌবন, আমার অভিজ্ঞতা আর সেরাটা এই দলের জন্য দিয়েছি। প্রতি বছর চেষ্টা করেছি, অনেকবার ব্যর্থ হয়েছি। আজ, অবশেষে, এই দিনটা এসেছে—এটা স্বপ্নের চেয়ে বেশি কিছু।"