
শেষ আপডেট: 6 April 2024 14:35
দ্য ওয়াল ব্যুরো: জীবনে কতকিছুই না ঘটে! না হলে যে ক্রিকেটারকে কেনার কথাই ছিল পাঞ্জাব কিংসের, সেই ক্রিকেটারই ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়লেন। আইপিএলে এবারের নিলামে শশাঙ্ক সিংকে ভুল করে কিনে ফেলেছিল প্রীতি জিন্টার পাঞ্জাব কিংস। সেই নিয়ে চরম ট্রোলড হয়েছিলেন সেই অনামী ক্রিকেটার।
অনেকে এও বলেছিল, হাসপাতাল থেকে বাচ্চা যেন অদলবদল হয়ে গিয়েছে। কতরকমের রসিকতা হয়েছিল শশাঙ্ককে নিয়ে বলার কথা নয়। কিন্তু গুজরাত টাইটানসের বিরুদ্ধে ২৯ বলে ৬১ রান করে ম্যাচ ছেড়েছেন এই তরুণ ব্যাটার। তাঁর ম্যাচ জেতানো ইনিংসে ছিল ছয়টি কপিবুক মার্কা বাউন্ডারি ও চারটি ছক্কা।
এরপরেই আকাশে ভাসছেন কিংসের মালকিন বলিউড অভিনেত্রী প্রীতি জিন্টা। তিনি এক্স অ্যাকাউন্টে লিখেছেন, ‘‘শশাঙ্ক প্রমাণ করল নিজের প্রতি বিশ্বাস থাকলে কী না করা যায়। কত মানুষ কত কথা বলেছিল, ও এসবে কান না দিয়ে নিজের কাজটি করে গিয়েছে। আজ তাই সফল।’’
Today seems like the perfect day to finally talk about things that were said in the past about us at the auction. A lot of people in similar situations would have lost confidence, buckled under pressure or become de-motivated ……. but not Shashank ! He is not like a lot of… pic.twitter.com/OAPfLFKwxq
— Preity G Zinta (@realpreityzinta) April 5, 2024
প্রীতি আরও লিখেছেন, ‘‘আজকে মনে হয় সঠিক দিন এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করার। নিলামের সময়ে আমাদের বিষয়ে যা যা বলা হয়েছিল, সব বিষয়ে আজকেই কথা বলার সঠিক দিন বলে আমি মনে করি। ওই ঘটনায় অনেক মানুষই তাদের আত্মবিশ্বাস হারিয়ে ফেলত। চাপে পড়ে যেতে পারত। শশাঙ্ক দেখাল ও তাদের মতো নয়। ও সবার থেকে অনেকটাই আলাদা। ও সত্যি সত্যি স্পেশাল একজন। একজন ক্রিকেটার হিসেবে ওঁর স্কিলের জন্য আমি এই কথাটা বলছি না। আমি বলছি ওঁর ইতিবাচক মনোভাব ও ক্রীড়া মানসিকতার জন্য।’’
আইপিএল নিলামে কিংসের আধিকারিকরা ভুল করে কিনে ফেলেছিলেন ছত্তীশগড়ের এই ৩১ বছর বয়সি ব্যাটিং অলরাউন্ডারকে। শশাঙ্ক সিং নামে ঝাড়খন্ডের আরও এক তারকা রয়েছেন, সেটি ভেবে কিনে ফেলেছিল প্রীতি জিন্টার দল। তারাও বুঝতে পারল তারা আসল রত্নকেই কিনেছিল।