
প্রতীকা রাওয়াল
শেষ আপডেট: 29 April 2025 19:35
দ্য ওয়াল ব্যুরো: টানা পাঁচ ম্যাচে অর্ধশতরান করে কিংবদন্তি মিতালি রাজকে (Mitali Raj) ছুঁলেন ভারতীয় মহিলা ক্রিকেটের (Indian Female Cricket) নতুন তারা প্রতীকা রাওয়াল (Pratika Rawal)। ৫০ ওভারের (50 Over) ক্রিকেটে আর কোনও ভারতীয় এই কৃতিত্ব অর্জন করতে পারেননি। যদিও মিতালি বিশ্বের একমাত্র ব্যাটার হিসাবে পরপর সাতটি একদিনের ম্যাচে হাফসেঞ্চুরি পেয়েছিলেন।
মঙ্গলবার কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে ২৪ বছর বয়সি প্রতীকা এই কৃতিত্ব গড়লেন। এদিন দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে নেমেছিল ওমেন ইন ব্লুজ (Women in Blues)। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারানোর পর এদিনও জিতল হরমনপ্রীত ব্রিগেড। আর এদিনই এই নজির গড়লেন প্রতীকা।
ভারতের এই তরুণ প্রতিভা তাঁর কেরিয়ার শুরুতেই চমকে দিয়েছিলেন। ২০২৪ সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেক হয় তাঁর। সেই ম্যাচে তিনি করেন ৪০ রান। এরপর দ্বিতীয় ম্যাচেই করেন ৭৮ রান। সেখানেই থেমে যায়নি তাঁর ব্যাট। প্রতিটা ম্যাচেই হাফসেঞ্চুরি পেয়েছেন তিনি।
মিতালি রাজ ওয়ানডে ক্রিকেটে টানা সাতটি অর্ধশতরান করেছিলেন ২০১৭ সালে। ২০২১ সালেও মিতালি আবার টানা পাঁচটি অর্ধশতরান করেন।
ইংল্যান্ডের প্রাক্তন ক্যাপ্টেন শার্লট এডওয়ার্ডসও দু’টি পৃথক সময়ে টানা পাঁচটি অর্ধশতরান করেছেন। তবে একমাত্র অস্ট্রেলিয়ান অলরাউন্ডার এলিস পেরি এই কীর্তি তিনবার করেছেন।
মঙ্গলবার প্রেমদাসা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারতীয় মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীত। নির্ধারিত ৫০ ওভারে ভারত ছয় উইকেট হারিয়ে ভারত তোলে ২৭৬ রান। প্রতীকা রাওয়াল (৯১ বলে ৭৮) ও স্মৃতি মন্ধানা (৫৪ বলে ৩৬) ৮৩ রানের ওপেনিং জুটি গড়েন। এরপরে হারলিনের সঙ্গে ইনিংস এগিয়ে নিয়ে যান প্রতীকা। ১৫১-২ রানে প্রতীকা আউট হওয়ার পরেই হারলিনও আউট হন। এরপরে জেমিমা (৩২ বলে ৪১) ও হরমনপ্রীত (৪৮ বলে ৪১) দলকে বড় স্কোরের পথে নিয়ে যান। ইনিংসের শেষ দিকে রিচা ঘোষ ১৪ বলে ২৪ রান করেন। শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সামনে ২৭৭ রানের লক্ষ্য রাখে ভারত।
জবাবে ব্যাট করতে নেমে ৪৯.২ ওভারে ২৬১ রান তোলে দক্ষিণ আফ্রিকা। ১৫ রানে জিতে ত্রিদেশীয় সিরিজের দু’টি ম্যাচেই জয় তুলে নেয় ভারত। দশ ওভারে ৪৩ রান দিয়ে পাঁচ উইকেট নিয়ে ম্যাচ সেরা স্নেহ রানা।