
শেষ আপডেট: 30 December 2023 11:59
দ্য ওয়াল ব্যুরো: মহম্মদ রিজওয়ানের আউটকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্ক এবার আইসিসি-র দরবারে যাচ্ছেন বাবর আজমরা। পাকিস্তান ক্রিকেট বোর্ড সূত্রে খবর, রিজওয়ানের 'বিতর্কিত' আউট নিয়ে আইসিসি-কে জানানো হবে।
মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জেতা ম্যাচ হারতে হয়েছে পাকিস্তানকে। যার জেরে টেস্ট সিরিজও হারতে হয়। সেই দুঃখ ভুলতে পারছে না পাকিস্তান ক্রিকেটাররা। একটা সময় আঘা সলমনের সঙ্গে জুটি বেঁধে বড় পার্টনারশিপ তৈরি করছিলেন পাক দলের উইকেটকিপার মহম্মদ রিজওয়ান। কিন্তু তাঁর আউট হওয়ার পরেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে পাক দলের লোয়ার অর্ডার।
রিজওয়ানের আউট নিয়েই যত বিতর্ক। পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের ৬১ তম ওভারে বল করছিলেন প্যাট কামিন্স। ক্রিজে ছিলেন রিজওয়ান। কামিন্সের বাউন্সার ডাক করার চেষ্টা করেন রিজওয়ান। বল সোজা গিয়ে জমা পড়ে অজি উইকেটকিপার অ্যালেক্স ক্যারির হাতে। দেখা যায়, অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের 'আউট'-এর আবেদন করতে। তাঁদের দাবি, বল রিজওয়ানের গ্লাভস ছুঁয়ে গেছে।
অনফিল্ড আম্পায়ার কামিন্সদের আউটের আবেদন নাকচ করে দেন। তারপরই অজি অধিনায়ক ডিআরএস নেওয়ার সিদ্ধান্ত নেন। তৃতীয় আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ আউট কি নট আউট পরীক্ষা করে দেখেন। হটস্পট ও স্নিকোমিটারের সাহায্যেও দেখেন। তারপরই তিনি রিজওয়ানকে আউট দেওয়ার সিদ্ধান্ত নেন।
এই আউট নিয়েই বিতর্কের জন্ম দিয়েছে। পাক দলের দাবি, প্রযুক্তি ব্যবহার করেও সঠিক সিদ্ধান্তে পৌঁছন সম্ভব হচ্ছে না। রিজওয়ান কোনওভাবেই আউট হননি। যা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন পাক কোচ মহম্মদ হাফিজ। তিনি বলেন, 'এই ধরনের প্রযুক্তি ব্যবহার হলে তা ক্রিকেটের জন্য অভিশাপ।' এবার এই বিষয়টিই আইসিসি-র নজরে আনতে চাইছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।