
শেষ আপডেট: 30 November 2023 12:40
দ্য ওয়াল ব্যুরো: সদ্য বাবা হয়েছেন ব্রাজিলীয় ফুটবল তারকা নেমার জুনিয়র। বান্ধবী ব্রুনা বিয়ানকার্ডির কোলে কন্যা সন্তান এসেছে। হাসি-খুশি পরিবারে এবার ভাঙন ঘটল। ব্রুনা বিয়ানকার্ডি জানিয়ে দিলেন তিনি আর নেমারের সঙ্গে থাকবেন না!
সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করে বলেছেন, 'এটা আমার ব্যক্তিগত বিষয়। তবে আমি এটা জানাচ্ছি যে আমি কোনও সম্পর্কের মধ্যে নেই। আমরা মাভির (নেমার ও বিয়ানকার্ডির মেয়ের নাম) বাবা-মা, শুধু সেইটুকুই বন্ধন থাকছে।'
এই পোস্টের পরই শোরগোল পড়ে গেছে। কেন নেমারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন বিয়ানকার্ডি, সেই প্রশ্নের উত্তর খুঁজছেন অনেকেই। বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, নেমারের সঙ্গে মডেল অ্যালাইন ফারিয়াসের কিছু চ্যাট ফাঁস হওয়ার পরেই নাকি বিয়ানকার্ডি এই সিদ্ধান্ত নিয়েছেন। সেই চ্যাটে নাকি দেখা গেছে অ্যালাইন ফারিয়াসকে কিছু অশ্লীল প্রস্তাব দিয়েছিলেন নেমার।
শুধু তাই নয়, নেমারের সঙ্গে একাধিক মহিলার সম্পর্ক আছে বলেও খবর পাওয়া যায়। সব মিলিয়ে বান্ধবী বিয়ানকার্ডির সঙ্গে দূরত্ব বেড়েছিল নেমারের। তবে তার মধ্যেই অক্টোবরে নেমারের বাবা হওয়ার খবর মেলে। তাঁর ভক্তরা ভেবেছিলেন, এবার হয়তো দূরত্ব মিটবে। কিন্তু মঙ্গলবার ফাঁস হওয়া চ্যাটের পরই বিয়ানকার্ডি বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে ফেললেন। এই নিয়ে এখনও পর্যন্ত ৩১ বছর বয়সি ব্রাজিলীয় ফুটবলার কোনও প্রতিক্রিয়া দেননি।