দ্য ওয়াল ব্যুরো: প্রকাশ্য রাস্তায় মারপিটের অভিযোগে বেকসুর প্রমাণিত হলেন ইংল্যান্ড অলরাউন্ডার বেন স্টোকস। ফলে তৃতীয় টেস্টে খেলা থেকে আর কোনও বাধা থাকল না তাঁর।
সেপ্টেম্বর মাসে ব্রিস্টলের এক নাইট ক্লাবের কাছে রায়ান আলি নামের এক যুবকের সঙ্গে প্রকাশ্য রাস্তায় হাতাহাতিতে জড়িয়ে পড়েন স্টোকস। চোখে ও মুখে চোট পান রায়ান। স্টোকসের মারের চোটে ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে যান রায়ান। এই ঘটনায় দুজনের নামেই অভিযোগ দায়ের হয় ব্রিস্টল পুলিশ স্টেশনে।
সেখানেই ছিল এই মামলার শুনানি। ছ'দিন ধরে কোর্টে সওয়াল-জবাব চলে। মঙ্গলবার বিচারক জানান, এই ঘটনায় স্টোকস দোষী নন। কারণ তিনি ইচ্ছা করে কিছু করেননি। যা হয়েছে সবটাই তাৎক্ষণিক মাথা গরম করে ফেলার ফলে। নাইট ক্লাবে স্টোকস ও রায়ান দুজনেই মদ্যপান করেছিলেন। তাই নেশার ঘোরেই এই ঘটনা হয়েছে বলে বিচারক জানান। এই ঘটনায় রায়ান আলিকেও নির্দোষ সাব্যস্ত করা হয়েছে।
এ দিন কোর্টে স্টোকস ও তাঁর স্ত্রী ক্লেয়ার উপস্থিত ছিলেন। এই রায়ের ফলে যেন হাফ ছেড়ে বাঁচেন স্টোকস। স্টোকস ও রায়ান হাত মিলিয়ে দুজনে মিটমাট করে নেন। এই রায়ের ফলে তৃতীয় টেস্টে খেলার থেকে আর কোনও বাধা থাকলো না স্টোকসের। নটিংহ্যামেই হয়তো ভারতের বিরুদ্ধে নামতে দেখা যাবে বাঁহাতি এই অলরাউন্ডারকে।