দ্য ওয়াল ব্যুরো: রবিবারই শেষ সুযোগ ছিল লিগের দৌড়ে টিকে থাকার। হায়দরাবাদকে হারাতে পারলে তাও একটা আশা বেঁচে থাকতে প্লে-অফে যাওয়ার। কিন্তু উপ্পল স্টেডিয়ামে লজ্জার হাত হলো কার্তিক ব্রিগেডের। ওয়ার্নার-বেয়ারস্ট যুগলবন্দিতে ৯ উইকেটে হারল নাইট রাইডার্স। এই বিশাল হারের পর কার্যত শেষ হয়ে গেল সব আশা। এখন লড়াই শুধু সম্মান রক্ষার।
এ দিন টসে জিতে প্রথমে কলকাতাকে ব্যাট করতে পাঠান কেন উইলিয়ামসন। শুরুটা ভালো হয় কলকাতার। ঝোড়ো শুরু করেন নারিন। ৮ বলে ২৫ করে আউট হয়ে যান তিনি। অন্য ওপেনার লিন ভালো খেললেও বাকিরা রান পাচ্ছিলেন না। শুভমান গিল, নীতীশ রাণা, দীনেশ কার্তিক, সবাই তাড়াতাড়ি আউট হয়ে যান। রিঙ্কু সিং লিনের কিছুটা সঙ্গ দেওয়ার চেষ্টা করেন। কিন্তু ৩০ রান করে তিনিও আউট হয়ে যান।
কলকাতা সমর্থকদের শেষ আশা টিকে ছিল আন্দ্রে রাসেলের উপর। কিন্তু রাসেলও ১৫ রান করে আউট হয়ে যান। লিন ৫১ করে আউট হয়ে যাওয়ায় শেষ দিকে আর রান ওঠেনি। ২০ ওভারে ১৫৯ তোলে কেকেআর।
জবাবে ব্যাট করতে নেমে ফের দেখা গেল ওয়ার্নার-বেয়ারস্ট যুগলবন্দি। চলতি আইপিএল-এ ওপেনার জুটি হিসেবে সবথেকে বেশি রান হয়ে গেল এই দুজনের। কলকাতা বোলারদের দাঁড়াতে দিচ্ছিলেন না দু'জনে। প্রত্যেককে আক্রমণ করেন। দুজনেই নিজেদের হাফসেঞ্চুরি পূর্ণ করেন। শেষ পর্যন্ত ৩৮ বলে ৬৭ করে নতুন খেলতে নামা পৃথ্বীরাজের বলে আউট হন ওয়ার্নার। তবে বেয়ারস্ট খেলা চালিয়ে যাচ্ছিলেন। শেষ পর্যন্ত ৪৩ বলে ৮০ করে অপরাজিত থাকেন তিনি। মাত্র ১৫ ওভারেই ৯ উইকেটে ম্যাচ জিতে যায় হায়দরাবাদ।
এ দিনের হারের ফলে টানা পাঁচ ম্যাচে হার হলো নাইট রাইডার্সের। ১০ ম্যাচে তাঁদের পয়েন্ট ৮। বাকি আর চার ম্যাচ। চারটি জিতলেও ৮টি জয় হবে তাঁদের। কিন্তু চেন্নাই, দিল্লি, মুম্বই, পাঞ্জাব যেভাবে খেলছে, তাতে শেষ চারে যাওয়ার আশা যে নাইটদের প্রায় শেষ, তা বলা যেতে পারে।