দ্য ওয়াল ব্যুরো: কোটি কোটি ভক্তকে কাঁদিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ভারতকে দুটি বিশ্বকাপ ও একটি চ্যাম্পিয়ন্স ট্রফি দেওয়া অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। কিন্তু সেই অবসরেও রয়েছে নতুনত্ব। কোনও সাংবাদিক সম্মেলন নয়, ফেয়ারওয়েল ম্যাচ ঘোষণা নয়, ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে বিদায় নিয়েছেন মাহি। আর সেখানেই তিনি লিখেছেন সন্ধ্যা ৭টা ২৯ মিনিটের পর থেকে সবাই তাঁকে যেন রিটায়ার্ড মনে করেন। কিন্তু কেন এই নির্দিষ্ট সময়ের কথা বললেন তিনি।
গত শনিবার, স্বাধীনতা দিবসের দিন ধোনি লেখেন, “আপনাদের ভালবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ। সন্ধ্যা ৭টা ২৯ মিনিট থেকে আমাকে রিটায়ার্ড মনে করবেন।” সঙ্গে যে ভিডিও তিনি শেয়ার করেন তার ব্যাকগ্রাউন্ডে অমিতাভ বচ্চনের ‘কভি কভি’ ছবির ‘ম্যায় পল দো পল কা শায়র হুঁ’ বাজতে থাকে।
অবসরের জন্য সন্ধ্যা ৭টা ২৯ মিনিটকেই কেন বাছলেন ধোনি, সেই নিয়ে তখন থেকেই শুরু হয়েছে জল্পনা। গত বছর বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হারের পর থেকে আর ২২ গজে দেখা যায়নি মহেন্দ্র সিং ধোনিকে। সেই ম্যাচে মার্টিন গাপটিলের ডাইরেক্ট থ্রোয়ে ধোনর আউট হওয়ার পরই ভারতীয়দের সব আশা শেষ হয়ে যায়।
সোশ্যাল মিডিয়ার খবর অনুযায়ী, ধোনি যখন শেষবারের মতো আউট হয়ে মাঠ ছেড়ে বেরিয়ে যান তখন ভারতীয় সময় সন্ধ্যা ৭টা ২৯ মিনিট বাজছিল। আর তার কারণেই সেই সময়কেই নিজের অবসরের জন্য বাছলেন তিনি। কারণ, হিসেব বলছে, গত বছর সেমিফাইনালের দিন সেই সময়ের পর থেকে আর মাঠে নামেননি তিনি। তাই সেই সময় থেকেই নিজেকে রিটায়ার্ড ঘোষণা করলেন মাহি।
নিজের কেরিয়ারে ৩৫০ একদিনের ম্যাচে ১০,৭৭৩ রান রয়েছে ধোনির। গড় ৫০.৫৭। ১০ টি সেঞ্চুরি ও ৭৩ টি হাফসেঞ্চুরি করেছেন তিনি। ৯৮ টি ২০ ম্যাচে ১৬১৭ রান আছে তাঁর। গত বছরই পঞ্চম ভারতীয় ও সব মিলিয়ে দ্বাদশ ক্রিকেটের হিসেবে একদিনের ক্রিকেট ১০ হাজার রানের মাইলফলক টপকেছেন তিনি। তাঁর আগে শচীন টেন্ডুলকার, সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড় ও বিরাট কোহলি রয়েছেন। কুমার সঙ্গকারার পরে তিনিই দ্বিতীয় উইকেট কিপার যাঁর একদিনের ক্রিকেটে ১০ হাজার রান আছে।
গত বছর ইংল্যান্ডে বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হারের পর থেকে আর ২২ গজে দেখা যায়নি ধোনিকে। তিনি আদৌ মাঠে নামবেন কিনা তা নিয়ে সংশয় দেখা গিয়েছিল। মাঝেমধ্যেই তাঁর অবসরের খবর শোনা যাচ্ছিল। ধোনির তরফে অবশ্য কোনও জবাব দেওয়া হয়নি। মাঝে শোনা গিয়েছিল টি ২০ বিশ্বকাপ খেলে অবসর নেবেন তিনি। কিন্তু করোনা আবহে বিশ্বকাপ পিছিয়ে যায়। এই মুহূর্তে চেন্নাইয়ে আইপিএলের প্রস্তুতি সারছেন ধোনি। তারমধ্যেই নিজের অবসরের কথা জানান তিনি।