দ্য ওয়াল ব্যুরো: ২০০৫ ও ২০১৭ সালে তাঁর নেতৃত্বেই বিশ্বকাপের ফাইনালে উঠেছিল ভারত। কিন্তু ট্রফি জিততে পারেননি তিনি। এবার সেটা যেন না হয় তার জন্য দলের ক্রিকেটারদের এক বার্তা পাঠালেন মিতালি রাজ। নারী দিবসের আগের দিন এই বার্তায় মিতালি তাঁদের ট্রফি নিয়ে দেশে ফেরার আর্জি জানিয়েছেন। এই ভিডিওতে দেখা যাচ্ছে শাড়ি পরে ব্যাট করছেন মিতালি।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই ভিডিও প্রকাশ করেছেন মিতালি। সেখানে দেখা যাচ্ছে শাড়ি পরে ব্যাট করছেন মিতালি। তাঁর পছন্দের শটগুলো খেলছেন। কখনও কভার ড্রাইভ, কখনও আবার ফ্রন্ট ফুটে ছক্কা মারছেন। এই ছবির ক্যাপশনে লেখা রয়েছে, "তারা বলত, তুমি একজন মহিলা।" তারপর আরও লেখা রয়েছে, "প্রতিটি শাড়ি তোমার ও আমার থেকে বেশি কথা বলে। শাড়ি তোমাকে কখনও তার মধ্যে ফিট হতে বলে না। বরং তোমাকে সবার সামনে তুলে ধরে। এই নারী দিবসে নতুন কিছু শুরু কর ও এই দুনিয়াকে দেখাও তুমি কী করতে পার। এবার সময় হয়েছে তোমার মতো করে জীবনে বাঁচার।"
https://www.instagram.com/p/B9UVMI8pXiv/?utm_source=ig_web_copy_link
ভিডিওর মধ্যে ভারতীয় দলের উদ্দেশে মিতালির বার্তা, "গোটা দুনিয়াকে দেখিয়ে দাও আমরা কী করতে পারি। টিম ইন্ডিয়া, ট্রফি নিয়ে দেশে ফেরো।"
ভারতের মহিলা দলে ২০ বছর ধরে খেলছেন মিতালি। তিনিই বিশ্বের একমাত্র ব্যাটসম্যান যাঁর ২০০ ওয়ান ডে ম্যাচ খেলা হয়েছে ও ৬০০০-এর উপর রান রয়েছে। ওয়ান ডে বেশি খেলার জন্য টি ২০ ক্রিকেট এখন আর খেলেন না মিতালি। কিন্তু তাঁর মন যে সবসময় দলের কাছেই কাছে সেটা এই বার্তায় আরও একবার প্রমাণিত হল।
আগামীকাল আন্তর্জাতিক নারী দিবসে অস্ট্রেলিয়ার মেলবোর্নে ফাইনাল খেলতে নামছে ভারত। বিপক্ষে চারবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। হরমনপ্রীত কৌরের নেতৃত্বে প্রথমবারের জন্য ট্রফি ঘরে নিয়ে আসতে মরিয়া ভারতের মেয়েরা। আর তার আগেই ভিডিও বার্তায় তাঁদের আরও চাঙ্গা করতে চাইলেন মিতালি।