রেকর্ডের হাতছানি রাহুলের, হ্যামিলটনে সুযোগ ইতিহাস তৈরির
দ্য ওয়াল ব্যুরো: এই মুহূর্তে নিজের ক্রিকেট জীবনের সেরা ফর্মে রয়েছেন ভারতীয় ব্যাটসম্যান লোকেশ রাহুল। প্রতি ম্যাচেই রান পাচ্ছেন। দায়িত্ব নিয়ে দলকে জেতাচ্ছেন। তার সঙ্গে উইকেট কিপিংটাও ভালই করছেন। আর এই পরিস্থিতিতে নতুন রেকর্ডের সামনে রয়েছেন রা
শেষ আপডেট: 28 January 2020 13:14
দ্য ওয়াল ব্যুরো: এই মুহূর্তে নিজের ক্রিকেট জীবনের সেরা ফর্মে রয়েছেন ভারতীয় ব্যাটসম্যান লোকেশ রাহুল। প্রতি ম্যাচেই রান পাচ্ছেন। দায়িত্ব নিয়ে দলকে জেতাচ্ছেন। তার সঙ্গে উইকেট কিপিংটাও ভালই করছেন। আর এই পরিস্থিতিতে নতুন রেকর্ডের সামনে রয়েছেন রাহুল। হ্যামিলটনে হাফসেঞ্চুরি করলেই পরপর চার ম্যাচে হাফসেঞ্চুরি করার রেকর্ড হবে রাহুলের।
হ্যামিলটনে সেডন পার্কে সংবাদমাধ্যমের সামনে কথা বলতে গিয়ে একথা বলেন ভারতের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর। তিনি বলেন, "যেভাবে রাহুল ও শ্রেয়সের মতো তরুণ ক্রিকেটাররা উঠে আসছে, আমি নিঃসন্দেহে বলতে পারি তারা ম্যাচ উইনার। তারা এখন সুযোগ পাচ্ছে। সেই সুযোগগুলো কাজে লাগাচ্ছে। এটাই দুরন্ত ব্যাপার।"
বিক্রম রাঠোর আরও বলেন, "এই ধরনের ক্রিকেটাররা যত সুযোগ পাবে, তত ভাল তারা খেলবে। তারা প্রমাণ করে দিচ্ছে, তারা ম্যাচ উইনার। তারা দলের স্বার্থে খেলছে। তারসঙ্গে তাদের নিজেদের আত্মবিশ্বাসও বাড়ছে।"

টি ২০ ক্রিকেটে মোট ১১টি হাফসেঞ্চুরি হয়েছে রাহুলের। তারমধ্যে শেষ তিন ম্যাচে তিনটি হাফসেঞ্চুরি করেছেন তিনি। হ্যামিলটনের সেডন পার্কে আরও একটি হাফসেঞ্চুরি করতে পারলে রাহুলই হবেন ভারতের একমাত্র ক্রিকেটার যাঁর পরপর চারটি ম্যাচে হাফসেঞ্চুরি হবে। এই কৃতিত্ব এর আগে ভারতের কোনও ব্যাটসম্যানেরই নেই।
গত টি ২০ ম্যাচে রাহুলকে ম্যাচের সেরা ঘোষণা করা হয়েছে। ম্যাচ জেতার পর প্রেস কনফারেন্সে রাহুল বলেন, "আমি সত্যিই জানি না কী বলব। আমার ম্যাচ রিডিংয়ের ক্ষমতা আমাকে আরও ভাল ব্যাট করতে সাহায্য করছে। আমি সবসময় দলকে সামনের দিকে টেনে নিয়ে যেতে চাই। দলের যখন যা দরকার, সেই কাজে লাগতে পারছি আমি। এটাই টি ২০ ফরম্যাটে আমার মন্ত্র।"
নিউজিল্যান্ড সফরে এই মুহূর্তে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছেন বিরাটরা। আগামীকাল হ্যামিলটনে জিতলেই সিরিজ বিরাটদের পকেটে। আর সেই কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে রাহুলকে। এখন দেখার আগামীকাল এই রেকর্ড রাহুলের হয় কিনা।