দ্য ওয়াল ব্যুরো: ডু অর ডাই ম্যাচে জঘন্য ব্যাটিংয়ের খেসারত দিতে হলো নাইট রাইডার্সকে। ওয়াংখেড়েতে মুম্বইয়ের কাছে ৯ উইকেটে হেরে চলতি আইপিএল থেকে বিদায় নিল কলকাতা। কলকাতার হারের ফলে আইপিএলের ইতিহাসে সবথেকে কম পয়েন্ট নিয়ে শেষ চারে গেল হায়দরাবাদ।
এ দিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা। শুরুতেই ব্যাটিং বিপর্যয়। ৯ রান করে আউট হয়ে যান গিল। লিন ও উথাপ্পা পার্টনারশিপ গড়লেও উথাপ্পাও মন্থর ব্যাটিংয়ে রানের গতি কমে ছিল। বাধ্য হয়ে মেরে খেলতে গিয়ে ৪১ করে আউট হন ক্রিস লিন।
গোটা আইপিএলে এ দিনই রান পেলেন না রাসেল। প্রথম বলেই মালিঙ্গার শিকার হন তিনি। কার্তিকও রান পাননি। নীতীশ রাণা কিছুটা মারলেও ২৬ করে আউট হন। উথাপ্পা ৪৭ বলে ৪০ করে আউট হন। ১৩৩ রানে শেষ হয়ে যায় কলকাতার ইনিংস।
জবাবে ব্যাট করতে নেমে দারুন শুরু করেন রোহিত শর্মা ও ডি'কক। দ্রুত রান তুলতে থাকেন তাঁরা। ডি'কক ৩০ রান করে আউট হলেও রোহিত ও সূর্যকুমার যাদব মুম্বইকে জয়ের দিকে নিয়ে যান। ২৩ বল বাকি থাকতেই ম্যাচ জিতে যায় মুম্বই। রোহিত ৫৫ ও সূর্যকুমার ৪৬ করে অপরাজিত থাকেন।
এ দিনের জয়ের ফলে পয়েন্ট টেবিলে শীর্ষে শেষ করল মুম্বই। অন্যদিকে হারের ফলে ১২ পয়েন্টে শেষ করল নাইট রাইডার্স। কিন্তু রান রেট ভালো থাকায় ১২ পয়েন্ট নিয়ে শেষ চারে চলে গেল হায়দরাবাদ। এ বারের মতো আইপিএল অভিযান শেষ হয়ে গেল কলকাতার।