দ্য ওয়াল ব্যুরো: হলো না বদলা। চিপকের পর কলকাতাতেও চেন্নাইয়ের কাছে হারতে হলো নাইট রাইডার্সকে। প্রথমে অপরিণত ব্যাটিং, তারপর অধিনায়ক দীনেশ কার্তিকের বেশ কিছু ভুল সিদ্ধান্তের খেসারত দিতে হলো কেকেআরকে। ফলে বেশ কিছুটা সময় ম্যাচের মধ্যে দাপট দেখানোর পরেও পাঁচ উইকেটে হারতে হলো কার্তিকদের। বল হাতে দুরন্ত ইমরান তাহিরের পর ব্যাট হাতে ম্যাচ জেতালেন সুরেশ রায়না ও রবীন্দ্র জাদেজা জুটি।
এ দিনও টসে জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছিল ধোনি। শুরু থেকেই ভালো ছন্দে ছিলেন ক্রিস লিন। নারিন বেশি রান না পেলেও চালিয়ে খেলছিলেন লিন। নীতীশ রাণা কিছুটা সঙ্গ দেন লিনকে। কিন্তু তাহিরকে বাজে শট মেরে আউট হন রাণা। অভিজ্ঞ উথাপ্পা নেমে প্রথম বলেই চালিয়ে খেলতে গিয়ে আউট হন। একদিকে উইকেট পড়তে থাকলেও অন্যদিকে বিধ্বংসী মেজাজে খেলছিলেন ক্রিস লিন। জাদেজাকে এক ওভারে পরপর তিন বলে তিনটে ছক্কা মারেন তিনি।
ঠিক তখনই নিজের তুরুপের তাস তাহিরকে আনেন ধোনি। প্রথমে লিন ও তারপর আন্দ্রে রাসেলকে আউট করে এক ওভারেই খেলা বদলে দেন তাহির। লিন ৮২ করে আউট হন। অধিনায়ক কার্তিকও রান পাননি। বিশ্বকাপের জন্য দল নির্বাচনের আগের দিন শেষ সুযোগটা নষ্ট করলেন কার্তিক। দুরন্ত বল করেন তাহির। ২৭ রান দিয়ে চার উইকেট নেন তিনি। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬১ তোলে নাইট রাইডার্স।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ওয়াটসনের উইকেট হারায় চেন্নাই। কিন্তু বল করার সময় একের পর এক ভুল সিদ্ধান্ত নিলেন কার্তিক। প্রথমেই ম্যাচের তৃতীয় ওভারে আনফিট রাসেলকে বল দিলেন তিনি। ওই ওভারে রাসেল দিলেন ১৬ রান। যখন উইকেটে স্পিন ধরছে, তখন স্পিনারদের অনেক দেরিতে আনলেন কার্তিক। ফলে হাত সেট করার সুযোগ পেলেন দু'প্লেসি, রায়নারা।
তারপরেও স্পিনাররা খেলার মধ্যে ফিরিয়ে আনে কলকাতাকে। দু'প্লেসি, রায়ুডু, কেদার যাদব এমনকী ধোনিও আউট হয়ে যান। কিন্তু তারপরেও ভুল করলেন কার্তিক। প্রথমে প্রসিদ্ধ কৃষ্ণা ও তারপর হ্যারি গার্নিকে বল করালেন। উনিশ তম ওভারে ১৫ রান খেলেন গার্নি। ফলে শেষ ওভারে পীযূষ চাওলার সামনে মাত্র ৮ রান দরকার ছিল চেন্নাইয়ের। দু'বল বাকি থাকতেই ম্যাচ জিতে গেল চেন্নাই। টি টোয়েন্টির অন্যতম সেরা বোলার কুলদীপ যাদবের এক ওভার থেকেই গেল। কিছুটা বুদ্ধি করে ক্যাপ্টেনসি করলে খেলার ফল হয়তো অন্য হতে পারত।
এ দিনের জয়ের ফলে আট ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে প্লে অফে এক পা দিয়ে দিল চেন্নাই। অন্যদিকে পরপর তিন ম্যাচ হেরে চলতি মরসুমে বেশ কিছুটা ধাক্কা খেল কেকেআর। কারণ আইপিএলের সেকেন্ড হাফ শুরু হয়ে গিয়েছে। এখন জয় না আসলে শেষ হয়ে যেতে পারে প্লে অফের আশা। কারণ তিনটে জায়গার জন্য লড়াই করছে ৫টি দল। ফলে পরের ম্যাচ কার্যত ডু-অর-ডাই হয়ে উঠল নাইট রাইডার্সের জন্য।
আরও পড়ুন
https://www.four.suk.1wp.in/news-sports-india-squad-for-cricket-world-cup-2019-will-be-announced-on-monday/