দ্য ওয়াল ব্যুরো: একজন বিশ্বের প্রাক্তন এক নম্বর মহিলা ব্যাডমিন্টন খেলোয়াড়। অন্যজন ভারতীয় পুরুষ ব্যাডমিন্টনের মুখ, মহিলাদের হার্ট থ্রব। এতদিন ধরে চলছিল গোপন প্রেমপর্ব। অবশেষে বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। সাইনা নেহওয়াল ও পারুপল্লী কাশ্যপ।
প্রায় এক দশক ধরে চলছিল ভারতীয় ব্যাডমিন্টনের হাই-প্রোফাইল রোমান্স৷ এক সর্বভারতীয় সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ী সাইনা-কাশ্যপের চারহাত এক হচ্ছে ১৬ ডিসেম্বর৷ ঘনিষ্টমহলে বিয়ে সাড়তে চলেছেন ভারতীয় ব্যাটমিন্টনের এই দুই তারকা৷ তবে ২১ ডিসেম্বর গ্র্যান্ড রিসেপশনের ব্যবস্থা করেছেন সাইনা-কাশ্যপ৷ সুত্রের খবর, দীর্ঘদিন ধরে দুই পরিবারের তরফে সাইনা ও কাশ্যপের বিয়ে নিয়ে আলোচনা হচ্ছিল৷ শেষ পর্যন্ত বছর শেষে ইচ্ছেপূরণ হতে চলেছে হায়দ্রাবাদের এই দুই ব্যাডমিন্টন তারকার৷
ব্যাডমিন্টন সার্কিটে দু’জনেই দারুণ সফল৷ তবে কাশ্যপের থেকে দেশকে অনেক বেশি পদক এনে দিয়েছেন সাইনা৷ ২০০৫ থেকে দু’জনেই পুল্লেলা গোপীচাঁদের কাছে ট্রেনিং শুরু করেন৷ বাকিটা ইতিহাস৷ দেশের হয়ে প্রায় ২০টি মেজর খেতাব জিতেছেন সাইনা৷ এর মধ্যে রয়েছেন লন্ডন অলিম্পিকে (২০১২) ব্রোঞ্জ এবং ২০১০ ও ২০১৮ কমনওয়েলথ গেমসে সোনা৷ বিশ্বে সাইনার সর্বোচ্চ র্যাঙ্কিং ছিল এক৷ ২০১৫ সালে বিশ্বের এক নম্বর মহিলা ব্যাডমিন্টন খেলোয়াড় হয়েছিলেন সাইনা৷
অন্যদিকে কাশ্যপের বড় সাফল্য বলতে ২০১৪ গ্লাসগো কমনওয়েলথ গেমসে সোনা এবং ২০১০ নয়াদিল্লি কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ৷ তাঁর সর্বোচ্চ র্যাঙ্কিং ছিল ৬৷ ২০১৩ ছ’ নম্বরে উঠে এসেছিলেন কাশ্যপ৷
সাইনা ও কাশ্যপের রোমান্স নিয়ে দীর্ঘদিন ধরে চর্চা হলেও দু’জনেই তা অস্বীকার করে আসছিলেন৷ কিন্ত অবশেষে তা স্বীকার করে নিলেন হায়দ্রাবাদের দুই তারকা খেলোয়াড়৷ সাম্প্রতিক কালে বেশ কয়েকজন ক্রীড়াবিদ লাইফ-পার্টনার হিসেবে খেলোয়াড়কে বেছে নিয়েছেন৷ এ বার সেই তালিকায় যোগ হতে চলেছেন সাইনা ও কাশ্যপ৷
দেশের এক নম্বর মহিলা স্কোয়াশ খেলোয়াড় দীপিকা পাল্লিকলকে বিয়ে করেন টিম ইন্ডিয়ার উইকেটকিপার ব্যাটসম্যান দীনেশ কার্তিক৷ কুস্তিগীর গীতা ফোগত বিয়ে করেছেন দীর্ঘদিনের কুস্তিগীর বন্ধু পবন কুমারকে৷ আরও দুই বক্সার গাঁটছড়া বেঁধেছেন৷ এঁরা হলেন সাক্ষী মালিক ও সত্যয়াত কাদিয়ান৷ এই তালিকায় যোগ দিতে চলেছেন বছর আঠাশের সাইনা ও ৩২ বছরের কাশ্যপ৷