দ্য ওয়াল ব্যুরো: ভোট এখনও এক মাসের বেশি বাকি। এর মধ্যেই মোহনবাগানের গোষ্ঠী রাজনীতিতে ঘটে গেল সবচেয়ে বড় চমক। অঞ্জন মিত্রকে ছেড়ে টুটু বসু শিবিরে যোগ দিলেন বর্তমান ফুটবল সচিব বাবুন বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, টুটু বসুর প্যানেলে প্রার্থী হবেন মুখ্যমন্ত্রীর ভাই। এবং ঘনিষ্ঠ মহলে তিনি নাকি বলেছেন, “স্পনসর না থাকলে যে লোকটা পকেটের পয়সা দিয়ে ক্লাব চালায় তাঁকে কী করে ছেড়ে দেব!”
শতাব্দী প্রাচীন মোহনবাগানে বেশ কিছু দিন ধরেই গোষ্ঠী কোন্দল চরমে। একদা দুই গলায় গলায় বন্ধু আজ যুযুধান। পরস্পরের বিরুদ্ধে ভোট লড়বেন টুটু-অঞ্জন। কিন্তু বাবুন বন্দ্যোপাধ্যায়ের শিবির বদলে অঞ্জন মিত্র গোষ্ঠী বড় সমস্যায় পড়ল বলেই মনে করছে ফুটবল।
মাস কয়েক আগে গণ পদত্যাগের হিড়িক পড়ে যায় বাগানে। সহ সচিব সৃঞ্জয় বসু, অর্থ সচিব দেবাশিস দত্ত, ফুটবল সচিব সত্যজিৎ চট্টোপাধ্যায় পদত্যাগ করেন। অভিযোগের আঙুল তোলেন সচিব অঞ্জন মিত্রের দিকে। তারপর দিন এগিয়েছে আর নাটকের পর নাটক হয়েছে বাগানে। সেই পর্যায়েই অঞ্জন মিত্র কার্যত ডেকে এনে বাবুন বন্দ্যোপাধ্যায়কে ফুটবল সচিবের পদে বসান। অনেকের মতে, সেই বাবুনই এ দিন কার্যত ডিগবাজি দিয়ে দিলেন।
কেন?
ময়দানের অনেকের মতে, ভোট ঘোষণা হওয়ার ঢের আগে থেকে টুটু গোষ্ঠী প্রচারে নেমে পড়েছিল। ছোট ছোট পাড়া বৈঠক, সাধারণ সভা করে নির্বাচনী কাজ অনেকটা এগিয়ে রেখেছিল। তাঁদের মতে, বাবুন বন্দ্যোপাধ্যায়ও কম দিন মাঠ করছেন না। তিনি ভালই জানেন, কার দিকে জল উঠছে আর কার দিকে কমছে। এক প্রবীণ মোহনবাগান সদস্যের কথায়, খানিকটা আগাম আন্দাজ করেই বাবুন বন্দ্যোপাধ্যায় শিবির বদল করে ফেললেন।
কিন্তু কোন পদে তাঁকে প্রার্থী করা হবে তা অবশ্য ঠিক হয়নি। প্রসঙ্গত, বাবুনবাবু ফুটবল সচিবের দায়িত্ব নেওয়ার পর মোহনবাগান আট বছর পর এ বার ঘরোয়া লিগ চ্যাম্পিয়ন হয়। অঞ্জন মিত্র যে কারণে তাঁর ভূয়সী প্রশংসাও করেন।
যদিও বাবুনের শিবির বদল নিয়ে মুখে কুলুপ এঁটেছে মিত্র অ্যান্ড কোং। অঞ্জন-কন্যা সোহিনীর ঘনিষ্ঠ হাওড়ার এক মোহনবাগান কর্তার কথায়, “জানি না শেষ পর্যন্ত কী হবে। তবে, বাবুন যা করল সেটা বেইমানি ছাড়া আর কিছু না।” আর উল্লসিত টুটু শিবির বলছে, “এই হলো টুটুদা! মাঠের ভিতরেও যেমন খেলা দেখাতে পারেন, বাইরেও পারেন।”