মার্শিয়ালের জোড়া গোলেও জয় অধরা মোরিনহোর, শেষ মুহুর্তের গোলে ম্যাচ ড্র চেলসির
দ্য ওয়াল ব্যুরো: সাম্প্রতিক অতীতে চেলসি'র বিরুদ্ধে রেকর্ড খুব একটা ভালো না হোসে মোরিনহোর। শনিবার স্ট্যামফোর্ড ব্রিজে সেই রেকর্ড পালটানোর সুযোগ ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের সামনে। এক সময় দেখে মনে হয়েছিল জয় হাতের মুঠোয় চলে এসেছে পোগবাদের। কিন্
শেষ আপডেট: 21 October 2018 10:27
দ্য ওয়াল ব্যুরো: সাম্প্রতিক অতীতে চেলসি'র বিরুদ্ধে রেকর্ড খুব একটা ভালো না হোসে মোরিনহোর। শনিবার স্ট্যামফোর্ড ব্রিজে সেই রেকর্ড পালটানোর সুযোগ ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের সামনে। এক সময় দেখে মনে হয়েছিল জয় হাতের মুঠোয় চলে এসেছে পোগবাদের। কিন্তু শেষ মুহূর্তে ম্যান ইউয়ের মুঠো থেকে জয় ছিনিয়ে নিলেন অ্যাজাররা। ২-২ গোলে ড্র হলো ম্যাচ।
ম্যাচের প্রথমার্ধ যদি থাকে চেলসির দখলে, তাহলে দ্বিতীয়ার্ধ লেখা থাকবে ম্যানচেস্টার ইউনাইটেডের নামে। শুরু থেকেই আক্রমণাত্মক খেলা শুরু করে চেলসি। ২১ মিনিটের মাথায় রুডিগারের গোলে এগিয়ে যায় চেলসি। কর্নার থেকে উইলিয়ানের ক্রসে দুরন্ত হেডারে গোল করেন এই ফরাসি লেফট ব্যাক। উল্টোদিকে ম্যান ইউ সেরকম কোনও আক্রমণই তুলে আনতে পারেনি প্রথমার্ধে। প্রথমার্ধে প্রায় ৬০ শতাংশ বল পজিশন ছিল মেন ইন ব্লু'দের।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরে আসেন পোগবারা। ৫৫ মিনিটে সুযোগ আসে রেড ডেভিলসদের সামনে। বক্সের মধ্যে অরক্ষিত জায়গায় বল পান মার্শিয়াল। ফাঁকা জালে বল ঠেলতে কোনও ভুল করেননি এই ফরাসি স্ট্রাইকার। ফলে ১-১ গোলে সমতা ফেরায় ম্যান ইউ। ১৮ মিনিট পরে এগিয়েও যান মোরিনহোর ছেলেরা। ৭৩ মিনিটের মাথায় প্রায় ১৫ গজ দূর থেকে বাঁক খাওয়ানো শটে নিজের ও দলের দ্বিতীয় গোল করেন মার্শিয়াল। ম্যান ইউ এগিয়ে যায় ২-১ গোলে।
যখন সবাই ধরে নিয়েছে স্ট্যামফোর্ড ব্রিজ থেকে ৩ পয়েন্ট নিয়েই ওল্ড ট্র্যাফোর্ডে ফিরছে ম্যান ইউ, তখনই নাটক। অতিরিক্ত সময়ে ৯৬ মিনিটের মাথায় কর্নার থেকে ডেভিড লুইজের হেড পোস্টে লেগে ফিরলে ফিরতি বলে দুরন্ত ভলিতে গোল করে সমতা ফেরান বার্কলে। ফলে শেষ মুহূর্তে ম্যানচেস্টার ইউনাইটেডের জয়ের আশা শেষ হয়ে যায়।