
শেষ আপডেট: 3 November 2023 18:51
দ্য ওয়াল ব্যুরো: ওয়ানডে বিশ্বকাপের মধ্যেই দামামা বেজে গেল টি২০ বিশ্বকাপের। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশের মতো এশিয়া থেকে আরও দু'টি দল সুযোগ পেল ২০২৪ সালে টি২০ বিশ্বকাপে। প্রথম দলটি নেপাল, আর দ্বিতীয় দলটি হল ওমান!
পরের বছর টি২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে। দুই আয়োজক দেশ সহ এই বিশ্বকাপে ২০টি দেশ অংশ নেবে। সেই তালিকায় নিজেদের নাম পাকা করে নিল নেপাল ও ওমান। নেপাল এর আগে ২০১৪ সালের টি২০ বিশ্বকাপ খেলেছে, কিন্তু ওমান প্রথমবার খেলবে বিশ্বকাপ।
এশীয় অঞ্চলের যোগ্যতা অর্জন পর্বের ফাইনাল ম্যাচের দুই প্রতিদ্বন্দ্বী দলই সুযোগ পাবে বিশ্বকাপ খেলার। এটাই ছিল নিয়ম। এই প্রতিযোগিতায় সেমিফাইনালে নেপাল ৮ উইকেটে হারায় সংযুক্ত আরব আমিরশাহিকে। অন্য সেমিফাইনালের ম্যাচে ওমান, বাহরিনের বিরুদ্ধে জেতে ১০ উইকেটে। ফাইনালে কে জিতল, হারল সেটা পরের কথা। তবে দুই দলই টি২০ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফেলল।
এই বিশ্বকাপে খেলার ছাড়পত্র পেয়েছে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস, বাংলাদেশ, আফগানিস্তান। এছাড়াও দুই আয়োজক দেশ আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজ খেলবে।
বাকি কারা কারা খেলবে সেটা ঠিক হবে বিভিন্ন যোগ্যতা অর্জন পর্বের প্রতিযোগিতার শেষে। ইউরোপীয় অঞ্চলের যোগ্যতা অর্জন পর্ব থেকে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড। এছাড়াও পাপুয়া নিউগিনি ও কানাডা সুযোগ পেয়েছে। মোট ১৮টি দল ইতিমধ্যেই বিশ্বকাপ খেলার ছাড়পত্র পেয়ে গেছে। বাকি দুই খেলবে আফ্রিকা থেকে। বিশ্বকাপ শেষ হলেই এই অঞ্চলের যোগ্যতা অর্জন পর্বের খেলা শুরু হবে।