
শেষ আপডেট: 11 October 2023 20:37
দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে রুদ্ধশ্বাস লড়াই করে মঙ্গলবার রেকর্ড করেছে পাকিস্তান। তুখোড় ব্যাটিংয়ে ১২১ বলে ১৩১ রান করেছেন পাক ব্যাটার মহম্মদ রিজওয়ান। বিশ্বকাপের আসরে সেই রাজকীয় সেঞ্চুরি ‘গাজার ভাই বোনেদের’ উদ্দেশে উৎসর্গ করে দিলেন রিজওয়ান।
মঙ্গলবার হায়দরাবাদে আগে ব্যাট করে রানের পাহাড় গড়েছিল শ্রীলঙ্কা। ৫০ ওভারে ৩৪৫। ধারাভাষ্যকার থেকে ক্রিকেট বিশেষজ্ঞ অনেকেই ধরে নিয়েছিলেন পাকিস্তান স্নায়ুর চাপ রাখতে পারবে না। কিন্তু দুরন্ত ব্যাটিংয়ে জয় ছিনিয়ে নেয় পাকিস্তান। যার প্রধান কারিগর ছিলেন দুজন—মহম্মদ রিজওয়ান ও আবদুল্লাহ শফিক।
টুইটারে মহম্মদ রিজওয়ান লিখেছেন, “গাজার ভাই বোনেদের জন্য ছিল এটা। জেতার জন্য আমার যে অবদান ছিল তাতে খুশি। আবদুল্লাহ শফিক, হাসান আলি সব কৃতিত্বটা গোটা টিমের।”
This was for our brothers and sisters in Gaza. ????????
— Muhammad Rizwan (@iMRizwanPak) October 11, 2023
Happy to contribute in the win. Credits to the whole team and especially Abdullah Shafique and Hassan Ali for making it easier.
Extremely grateful to the people of Hyderabad for the amazing hospitality and support throughout.
মহম্মদ রিজওয়ানের এই টুইট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে সোশাল মিডিয়ায়। কেউ কেউ তাঁকে পরামর্শ দিয়েছেন বিশ্ব কূটনীতিতে নজর না দিয়ে খেলায় মন দিতে। কেউ কেউ আবার তীব্র সমালোচনাও করেছেন। বলেছেন, এই সোশাল পোস্ট গাজার মানুষের কী উপকারে লাগবে! এমনকি একজন লিখেছেন, দিতেই যদি হয়, তাহলে রিজওয়ান ও পাক ক্রিকেটাররা বিশ্বকাপ থেকে যা উপার্জন করবেন তা সব যেন প্যালেস্তাইনের মানুষের কল্যাণে দান করেন।