
শেষ আপডেট: 22 May 2024 17:39
দ্য ওয়াল ব্যুরো: ব্যর্থতার দায় নিয়ে প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি থেকে পদত্যাগ করেছেন মোরিসিও পোচেত্তিনো। মাত্র একটা মরশুম দায়িত্ব পালন করেই পদত্যাগ করলেন এই আর্জেন্টাইন কোচ।
প্রিমিয়ার লিগে এবার টেবিলের ষষ্ঠস্থানে থেকে মরশুম শেষ করেছে চেলসি। শেষ পাঁচটি ম্যাচেই জিতেছে তারা। কিন্তু চলতি মরশুমে কোনও সাফল্য নেই চেলসির। অথচ তারা ১০০ কোটি পাউন্ড খরচ করেছিল। সেই অর্থে কোনও সাফল্য নেই নামী ক্লাব দলটির। শুধু তাই নয়, গতবছর জুলাই মাসে পোচেত্তিনো দায়িত্ব নেওয়ার পর থেকে ইপিএলের প্রথম ১০ ম্যাচের মধ্যে সাতটিতেই হেরেছিল চেলসি। সেইসময়ই কোচের দেওয়াল লিখন স্পষ্ঠ হয়ে গিয়েছিল।
এই মরশুমে কারাবাও কাপের ফাইনালে গেলেও লিভারপুলের কাছে ১-০ গোলে হেরে গেছে চেলসি। ম্যাঞ্চেস্টার সিটির কাছে একই ব্যবধানে হেরে বাদ পড়েছে এফএ কাপের সেমিফাইনাল থেকে। প্রিমিয়ার লিগে ষষ্ঠ স্থানে থেকে শেষ করায় আগামী মরশুমের চ্যাম্পিয়ন্স লিগেও যোগ্যতা আদায় করতে পারেনি চেলসি।
নিজের পদত্যাগপত্র দেওয়ার আগে চেলসির শীর্ষ আধিকারিকের সঙ্গে দীর্ঘ আলোচনাও সারেন কোচ। দুই তরফের সমঝোতার পরেই সরে যান পোচেত্তিনো। নিজের পদত্যাগ নিয়ে চেলসির বিদায়ী কোচ বলেছেন, ‘‘আমি এই একটা বছর চেষ্টার ত্রুটি রাখিনি। তবে সাফল্য পেতে গেলে শ্রম ও ভাগ্যও সমানভাবে দরকার। শেষটি আমাদের দিকে ছিল না। তবে আমার পাশে থেকে যাঁরা সহায়তা করেছেন, তাঁদের ধন্যবাদ জানাতে চাই।’’
প্রসঙ্গত, এই নিয়ে গত দু’বছরে চেলসি থেকে পদত্যাগ করলেন মোট চারজন কোচ। এর আগে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে পদত্যাগ করেছিলেন টমাস টুখেল, ফ্রাঙ্ক ল্যাম্পার্ড ও গ্রাহাম পটার।