
শেষ আপডেট: 4 March 2024 23:17
দ্য ওয়াল ব্যুরো: কলকাতা ফুটবলে যেমন মোহনবাগান ও ইস্টবেঙ্গল। মাদ্রিদে যেমন রিয়াল বনাম অ্যাটলেটিকো, কিংবা বাংলাদেশে মহামেডান ও আবাহনী ক্রীড়াচক্র। তেমনি ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ও ম্যান সিটির মধ্যে দ্বৈরথ ঘিরেও সরগরম থাকে ফুটবলমহল।
সেই প্রিমিয়ার লিগ ডার্বিতে ম্যান ইউকে ১-৩ গোলে হারিয়ে দিয়েছেন পেপ গুয়ার্দিয়লার ম্যান সিটি। ইত্তিহাদ স্টেডিয়ামে ম্যান ইউর জালে জোড়া গোল করলেন ম্যানসিটির ইংলিশ তারকো ফিল ফোডেন। বাকি গোলটি করলেন আর্লিং হালান্ড। ম্যানইউর হয়ে একমাত্র গোলটি করেন মার্কাস রাশফোর্ড।
ম্যাচের আট মিনিটেই সিটির জালে বল জড়িয়ে দেন ম্যান ইউর মার্কাস রাশফোর্ড। ঘরের মাঠের দর্শকরা স্তব্ধ হয়ে যান। প্রথমার্ধে কোনও গোলই করতে পারলে না ম্যান সিটি। ১-০ গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরু করে তারা।
ম্যাচের ৫৬ মিনিটে প্রথম গোল করেন ফিল ফোডেন। ৮০ মিনিটে আরও একটি গোল করলেন তিনি। ইনজুরি সময়ে দলের তৃতীয় গোলটি করলেন হালান্ড। অথচ, প্রথমার্ধে সোনার সুযোগ মিস করেছিলেন তিনি।
এই জয়ে শীর্ষে থাকা লিভারপুলের পিছনেই ম্যানসিটি। ২৭ ম্যাচে সিটির পয়েন্ট ৬২। তারা রয়েছে দ্বিতীয় স্থানে। লিভারপুলের পয়েন্ট ৬৩। ম্যান ইউর পয়েন্ট ৪৪। তারা রয়েছে তালিকায় ছয়ে।