
শেষ আপডেট: 26 February 2024 22:32
দ্য ওয়াল ব্যুরো: চলতি মরশুমের পরেই লিভারপুলের কোচের দায়িত্ব ছেড়ে দেবেন জুরগেন ক্লপ। তার আগে এবারের ইংলিশ লিগ কাপের খেতাব জিতল অলরেডরা। তারা ১-০ গোলে হারিয়েছে চেলসিকে।
নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ। কেউ কারও জালে তখনও বল জড়াতে পারেনি। ইনজুরি সময়েও পারল না। খেলা গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। সেখানেও কেউ কাউকে জমি ছাড়েনি। সবাই যখন ভাবছেন খেলা যাবে টাইব্রেকারে। সেইসময় অতিরিক্ত সময়ের মাত্র ২ মিনিট বাকি থাকতেই বাজিমাত করে দেন ডিফেন্ডার ভিরগিল ফন ডাইক। কর্নার থেকে ভেসে আসা এক হেডেই নিশ্চিত হল লিভারপুলের ইংলিশ লিগ কাপের শিরোপা।
ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটের খেলায় দুই অর্ধে দুই দলই একটি করে গোল করেছিলো। কিন্তু ভিএআর দেখে দুই গোলই বাতিল করে দেন রেফারি। এখানেও গোল করেছিলেন ফন ডাইক। চেলসির হয়ে রাহিম স্টার্লিং। শেষপর্যন্ত অতিরিক্ত সময়ে গড়ায় ফাইনাল ম্যাচ।
অবশেষে ১১৮ মিনিটে কর্নার কিক থেকে ভেসে দারুণ এক হেডে চেলসির জালে বল জড়ান ফন ডাইক। একই সঙ্গে বিদায়ী কোচ ক্লপকে ট্রফি উপহারই দিল অল রেডরা। মহম্মদ সালাহ এবং ডারউইন নুনিয়েজকে ছাড়া খেলতে নামেন কোচ। তাঁরা চোটের কারণে ছিলেন না। তাঁদের অভাব ঢেকে দেন বাকিরাই।