দ্য ওয়াল ব্যুরো: লিওনেল মেসির ফ্যান মনে হয় মঙ্গলগ্রহেও রয়েছে। সারা বিশ্বে এমন এক বিরল ফুটবলার, যিনি সকলের কাছে আপন। এমনকি নিজের অগণিত ফ্যানের প্রতি মেসির অপার কৃতজ্ঞতা ঝরে পড়ে। তিনি বারবারই বলে থাকেন, ‘‘অনুরাগীরা রয়েছেন বলেই আমাদের এত কদর, তাই আমরা মাঠে গোল করে গ্যালারির দিকে ছুটে যাই।’’
এমন এক মেসি ফ্যানের খোঁজ পাওয়া গিয়েছে, যিনি আবার ১০০ বছরে পেরিয়েও আর্জেন্টাইন রাজপুত্রের সব গোলের হিসেব রাখেন। এহেন বিরল ভক্তের খোঁজ পেয়েছেন মেসি কোপা জয়ের পরেই। সেই অনুরাগী আবার আর্জেন্টিনাতেই থাকেন, নাম ডন হার্নান। তাঁর বয়স প্রায় একশো বছরের বেশি। মেসির ক্যারিয়ারের শুরু থেকেই সকল খোঁজখবর রাখেন হার্নান এবং ফুটবল জাদুকরের প্রতিটি গোলের হিসেব লিখে রাখেন নিজের নোটবুকে।
কোপা আমেরিকা জয়ের পর ছুটিতে থাকা অবস্থায় হার্নানের ব্যাপারে জানতে পেরেছেন আর্জেন্টাইন অধিনায়ক এবং ছোট্ট এক ভিডিও বার্তায় চমকে দিয়েছেন সেই ভক্তকে। আর এ পুরো বিষয়টি সম্ভব হয়েছে হার্নানের নাতি হুলিয়ান মাস্ত্রানগেলোর সুবাদে। হুলিয়ানের কল্যাণে আর্জেন্টিনায় এখন জনপ্রিয় টিকটক তারকায় পরিণত হয়েছেন হার্নান।
মেসির ফুটবল জীবনের শুরু থেকে সব ম্যাচের খোঁজ রেখেছেন শতবর্ষী ওই সমর্থক। তিনি মেসির গোলের সব খুঁটিনাটি লিখে রাখেন নিজের নোটবুকে। দাদুর এই কীর্তি সম্প্রতি নাতি ভিডিও করে বাজারে ছেড়েছিল। তারপর থেকেই সারা বিশ্বে জনপ্রিয় এই শতায়ু মানুষটি।
এরপর থেকেই রীতিমতো জনপ্রিয় হয়ে গেছেন হার্নান এবং সেই ভিডিওর কথা পৌঁছে গেছে মেসির কানেও। আর্জেন্টিনার কোপা জয়ের অন্যতম সারথী এসব শুনে আপ্লুত। মেসি বলেও দিয়েছেন, কোনও না কোনওদিন হার্নানের সঙ্গে দেখা হবে, তাঁকে আলিঙ্গন জানানোর পাশে গভীর ভালবাসা, শ্রদ্ধাও জানাবেন জাদুকর।