
শেষ আপডেট: 15 October 2023 20:07
দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকাপের মঞ্চে উঠল 'জয় শ্রীরাম' স্লোগান। তাও আবার ভারত-পাকিস্তান ম্যাচে! পাক ব্যাটার মহম্মদ রিজওয়ান। তাঁকে উদ্দেশ্য করেই গ্যালারি থেকে ধেয়ে আসে 'জয় শ্রীরাম' ধ্বনি। এই ঘটনায় শোরগোল পড়ে গেছে। নেটদুনিয়া দু'ভাগে বিভক্ত। কেউ নিন্দা করছেন, কেউ আবার বলছেন, 'এখানে খারাপের কী আছে!' শনিবারের এই বিতর্কিত ঘটনা নিয়ে এবার মুখ খুললেন ডিএমকে নেতা তথা তামিলনাড়ুর মন্ত্রী উদয়নিধি স্ট্যালিন।
পাকিস্তান দল বিশ্বকাপ অভিযান শুরু করেছিল হায়দরাবাদে। সেখানে পাক দলকে যেভাবে অভ্যর্থনা জানানো হয়েছিল, তাতে মুগ্ধ হয়ে গিয়েছিলেন বাবর আজমরা। সেই আতিথেয়তা নিয়েও অনেকে কটাক্ষ করেছিলেন। নেটিজেনদের একাংশের অভিমত ছিল, 'বাড়াবাড়ি করা হচ্ছে।'
আমদাবাদে, ভারতের বিরুদ্ধে খেলতে পাক দল গিয়েছিল। যদিও এই মাঠে খেলায় ঘোর আপত্তি ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের। যা নিয়ে বিশ্বকাপের আগে আইসিসি ও পিসিবি-র মধ্যে বিস্তর চিঠি চালাচালি হয়। তবে শেষ পর্যন্ত পাকিস্তানের আপত্তি ধোপে টেকেনি।
নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বাবর আজম যখন টস করতে আসেন, তখন গ্যালারি থেকে অনেক বিদ্রুপ উড়ে এসেছিল। সেই পরিস্থিতি তখনকার মতো চাপা দেওয়া গেলেও ফের খেলার মাঝে আবার অপ্রীতিকর ঘটনার পুনরাবৃত্তি ঘটে। রিজওয়ান যখন আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যাচ্ছিলেন তখন গ্যালারি থেকে দর্শকরা 'জয় শ্রীরাম' স্লোগান দেন।
এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়ে। সেই ভিডিও টুইট করেই আহমেদাবাদের সমর্থকদের পাল্টা আক্রমণ করেছেন স্ট্যালিন-পুত্র। তিনি লেখেন, 'ভারত-আতিথেয়তা এবং খেলোয়াড়ি মানসিকতার জন্য পরিচিত। কিন্তু আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে যে আচরণ করা হল সেটা মেনে নেওয়া যায় না। এটা নিম্নরুচির পরিচয়।'