
শেষ আপডেট: 18 April 2024 17:29
দ্য ওয়াল ব্যুরো: আসন্ন টি ২০ বিশ্বকাপে ভারতীয় দলের চূড়ান্ত ঘোষণা হবে এ মাসের শেষে কিংবা মে মাসের প্রথম সপ্তাহে। জুনে টি ২০ বিশ্বকাপ হবে আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজের মাঠে।
ওই মেগা ইভেন্টের দল কী হবে সেই নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে আলোচনা শুরু হয়ে গিয়েছে। তারমধ্যে বোর্ডের এক কর্তা সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে ভারতের দশ ক্রিকেটারের নাম এখনই জানিয়ে দিয়েছেন। ওই তালিকায় রয়েছেন রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, যশপ্রিৎ বুমরা, রবীন্দ্র জাদেজা, ঋষভ পন্থ, অর্শদীপ সিং, মহম্মদ সিরাজ ও কুলদীপ যাদব।
বাকি ৫ জন কারা দলে থাকবেন, সেই নিয়েই আলোচনা শুরু হয়ে গিয়েছে। শুভমন গিল, যশস্বী জয়সোয়াল ছাড়াও ঈশান কিশান, কেএল রাহুল, জিতেশ শর্মা, উইকেটরক্ষক ব্যাটার সঞ্জু স্যামসন ও ধ্রুব জুরেলদের নাম নিয়েও আলোচনা চলবে সভায়।
ইতিমধ্যেই ভারতীয় দল নিয়ে বৈঠক হয়েছে রোহিত, নির্বাচকপ্রধান ও কোচ রাহুল দ্রাবিড়ের মধ্যে। সেই বৈঠক নিয়ে খবরটি যে ঠিক নয়, তা জানান রোহিত। তিনি বলেছেন, এরকম খবরের কোনও সত্যতা নেই। এতে করে দলের মধ্যে নানা সমস্যা তৈরি হয়।
পাশাপাশি নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্তা কী করে দলের বিষয়ে এতটা নিশ্চিতভাবে রায় দিলেন, সেটি নিয়েও সমালোচনা হচ্ছে। দল নির্বাচনের অন্দরের খবর প্রকাশে বিরক্ত অধিনায়ক রোহিত, এমনকী বোর্ডের শীর্ষ আধিকারিকরাও।